২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরানের কাছে ইসরায়েলের সংরক্ষিত এলাকার ছবি’

চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলের আকাশ সীমায় পাঠানো একটি চালক বিহীন বিমানের (ড্রোন) মাধ্যমে দেশটির সেনাঘাঁটিসহ বিভিন্ন সংরক্ষিত এলাকার তোলা ছবি ইরানের হাতে আছে বলে দাবি করেছে ইরানি পার্লামেন্টের এক সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 08:53 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

দুবাই, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলের আকাশ সীমায় পাঠানো একটি চালক বিহীন বিমানের (ড্রোন) মাধ্যমে দেশটির সেনাঘাঁটিসহ বিভিন্ন সংরক্ষিত এলাকার তোলা ছবি ইরানের হাতে আছে বলে দাবি করেছে ইরানি পার্লামেন্টের এক সদস্য। সোমবার ইরানের মেহর সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। ভূমধ্যসাগর থেকে ইসরায়েলের আকাশে প্রবেশ করা ওই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে ইসারায়েলি জঙ্গি বিমানগুলো। কিন্তু এর আগেই দেশটির ২৫ মাইল ভিতরে চলে যায় ড্রোনটি। লেবাননের শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহ ওই ড্রোনটি পাঠানোর দাবি করেছিল, ড্রোনটির বিভিন্ন যন্ত্রাংশ ইরানে তৈরি এবং এটি লেবাননে সংযোজন করা হয়েছে। ইরানি পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান ইসমাইল কাওসারি জানান, ড্রোনটি ভূপাতিত করার আগে এটি ইসরায়েলের বিভিন্ন “স্পর্শকাতর ঘাঁটির” ছবি তুলে পাঠিয়েছে। কাওসারির উদ্ধৃতি দিয়ে মেহের জানায়, “ড্রোনটি অনলাইনের মাধ্যমে ছবিগুলো পাঠিয়েছে, সংরক্ষিত এলাকার ওই ছবিগুলো এখন আমাদের হাতে।” বিভিন্ন সামরিক ও নিরাপত্তা স্থাপনার মাধ্যমে দেশের আকাশপথ কড়া নজরদারির মধ্যে রাখে ইসরায়েলি সেনাবাহিনী। বাণিজ্যিক বিমান পথ ছাড়া দেশটির আকাশপথ পুরোপুরি সংরক্ষিত। ইরানের পরমাণু প্রকল্প বন্ধে পশ্চিমা কূটনৈতিক তৎপরতা ও নিষেধাজ্ঞা ব্যর্থ হলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলের ধারণা শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পের অজুহাতে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। ইরান এ অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৪ ঘ.