লন্ডন, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এইডস রোগের জন্য দায়ী ভাইরাস সনাক্তকরণে আরো কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করেছে বিজ্ঞানীরা। নতুন পদ্ধতিটি প্রায় দশ গুণ বেশি কার্যকর এবং এতে খরচ পড়বে আগের তুলনায় কয়েক গুণ কম।
স্বল্পোন্নত দেশগুলোতে নতুন পদ্ধতির পরীক্ষাটি চালু করলে তা এইডস প্রতিরোধে আরো কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
ন্যানো প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত এ পদ্ধতিতে একটি নমুনায় এইচআইভি ভাইরাসের উপস্থিতি আছে কি না তা খালি চোখেই সনাক্ত করা যাবে।
রক্তের ‘সেরাম’র (পানির মতো দেখতে বিশেষ তরল অংশ) সঙ্গে এইচআইভি সনাক্তকারী ‘পি টোয়েন্টিফোর’ পদার্থ ব্যবহার করে পরীক্ষাটি করা হয়। নমুনার রং লাল অথবা নীল রংয়ের হওয়ার মধ্যে দিয়েই এইচআইভি ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা।
নেচার ন্যানো টেকনোলজি জার্নালে এ তথ্য জানানো হয়।
প্রধান গবেষক মলি স্টিভেনস বলেন, নতুন উদ্ভাবিত পদ্ধতিটি আগের তুলনায় অনেক বেশি সংবেদশীল, এতে জটিল কোনো যন্ত্রপাতি দরকার পড়ে না এবং প্রায় দশগুণ বেশি সাশ্রয়ী।
বর্তমানে প্রচলিত পরীক্ষাগুলোতে, মুখের লালা পরীক্ষায় এইচআইভি ভাইরাসের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ বেশি না হলে তা সনাক্ত করা সম্ভব হয় না।
মলি স্টিভেনস বলেন, ‘মুখের লালা পরীক্ষায় যেসব ক্ষেত্রে এইচআইভি ভাইরাসের উপস্থিতি কম থাকার ফলে ‘ফলস নেগেটিভ’ ফল পাওয়া যেতো, সেসব ক্ষেত্রেও ভাইরাস সনাক্ত করা সম্ভব হবে।’
এমনকি যক্ষ্মা, ম্যালেরিয়াসহ আরো কিছু সংক্রামক রোগ সনাক্ত করার জন্য এ পদ্ধতিটি ব্যবহার করা যাবে বলে জানান তিনি।
এইডস রোগের চিকিৎসার বিভিন্ন পর্যায়েও চিকিৎসার অগ্রগতি জানার জন্য এইচআইভি ভাইরাস সনাক্তকরণ পরীক্ষার প্রয়োজন হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১০ সালের হিসাব অনুযায়ী, সারা বিশ্বে ৩ কোটি ৪০ লাখ মানুষ এইডস আক্রান্ত। শুধু আফ্রিকার সাব-সাহারা অঞ্চলেই এইডস রোগীর সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১৫ ঘ.
bdnews24