মিলান, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালিতে মারিও মোন্তির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি।
মন্ত্রিসভা দেশকে অর্থনৈতিক মন্দার ঘূর্ণবাতের মুখে ঠেলে দিচ্ছে অভিযোগ করে বার্লুসকোনি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন।
তিনি বলেন, তার মধ্য ডানপন্থি পিডিএল পার্টি আগামী দিনগুলোতে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে।
বার্লুসকোনি গুবছর পদত্যাগে বাধ্য হয়েছিলেন। গত শুক্রবার কর জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ৪ বছরের জেল হওয়ার পর তিনি ইতালির উত্তরাঞ্চলে এক সাংবাদিক সম্মেলনে সরকার ফেলে দেয়ার ওই হুমকি দিলেন।
পিডিএল ইতালির পার্লামেন্টে সবচেয়ে বড় দল। এ দল সরকার থেকে বেরিয়ে গেলে আগাম নির্বাচনের পট প্রস্তুত হতে পারে।
মোন্তি সরকারের শুরু করা কৃচ্ছ্র পদক্ষেপের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভকালে এক বক্তব্যে বার্লুসকোনি সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে সমালোচনা করেন।
গত সপ্তাহে বার্লুসকোনি আগামী নির্বাচনে প্রার্থিতা না করার সিদ্ধান্ত জানান। তার দু’দিন পরই কর মামলায় আদালত তাকে ৪ বছরের জেল দেয়।
আদালতের নির্দেশে বার্লুসকোনিকে জালিয়াতির ক্ষতিপূরণ হিসাবে কর কর্তৃপক্ষকে ১ কোটি ইউরোও দিতে হবে।
বার্লুসকোনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেই মনে করা হচ্ছে।
বালুসকোনির বিরুদ্ধে ব্যবসা সংক্রান্ত বেশ কয়েকটি মামলা আছে। তবে সেগুলোর কোনো কোনোটি খারিজ হয়ে গেছে আবার কোনোটি দীর্ঘদিন ধরে চলছে।
অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক এক নাচনেওয়ালির সঙ্গে অর্থের বিনিময়ে বার্লুসকোনির যৌনসংসর্গের অভিযোগে দায়ের হওয়া আরেক মামলায় মিলানের আদালতে শুনানি চলছে। তবে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন বার্লুসকোনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১২২০ঘ.
bdnews24