ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের মধ্যস্থতায় একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল ও ফিলিস্তিনের গাজার গেরিলাদের মধ্যে কয়েক দিন ধরে চলমান যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়ে এসেছে।
ইসরায়েলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, হামাসের সঙ্গে কোন আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিশরের প্রতিরক্ষা কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসলামি বিদ্রোহী গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রণাধীন।
বৃহস্পতিবার উভয় পক্ষের হামলার খবর না পাওয়া গেলেও দেশটির দক্ষিণাঞ্চলে একটি মর্টারের গোলা আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার হতে গাজা থেকে ইসরায়েলে চালানো ভারী রকেট ও মর্টার হামলায় পাঁচ জন ইসরায়েলি আহত এবং ইসরায়েলি বিমান হামলায় গাজায় ছয়জন ফিলিস্তিনি গেরিলা নিহত হয়েছে।
বেশ কয়েক মাস পর আবারো ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে এ সহিংসতা দেখা দিয়েছে।
হামলার আশঙ্কায় উভয় ভূ-খন্ডেই বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বিদ্যালয় খুলে দেয়া হয়েছে।
হামলা চলতে থাকলে গাজার গেরিলাদের ওপর কঠোর হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার তিনি বলেন, “আমরা হামলা শুরু করিনি এবং উষ্কানিও দেইনি। কিন্তু যদি এ লড়াই চলতে থাকে তবে আমরা আরো ব্যাপক ও আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুত আছি।”
বিবিসি’র সংবাদদাতা জানিয়েছেন, হামাসকে গাজার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে হামলা থেকে বিরত রাখতে হবে। তবে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী হওয়ার সম্ভাবনা খুব কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫১ঘ.
bdnews24