রোম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি জানিয়েছেন ২০১৩ সালের জাতীয় নির্বাচনে তিনি তার দল ‘পিপলস অব ফ্রিডম’র (পিডিএল) নেতৃত্ব দেবেন না।
রাজনৈতিক ভবিষ্যতের ব্যাপারে চলমান গুঞ্জনের জবাবে এক বিবৃতিতে বুধবার তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
গণমাধ্যম জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব বার্লুসকোনি (৭৬) চলতি মাসে জানিয়েছিলেন, তার প্রার্থিতা প্রত্যাহারে মধ্য ও মধ্যডানপন্থী দলগুলোকে একটি “মধ্যপন্থী” জোট গঠনে সহায়তা করবে তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন।
বার্লুসকোনি বলেন, “এখনও আমার পেশিতে শক্তি আছে আর আমার ইন্দ্রিয়ও সজাগ কিন্তু উপদেশ দেওয়ার মধ্যেই আমার ভূমিকা সীমাবদ্ধ থাকবে।”
কিন্তু বুধবার তার দেওয়া বিবৃতি ইঙ্গিত দিল, ১৯৯৪ সাল থেকে শুরু হওয়া ইতালির সামনের সারির এক রাজনীতিবিদের রাজনৈতিক জীবন সম্ভবত শেষ হলো।
বিবৃতিতে এসি মিলান ফুটবল ক্লাবের মালিক বার্লুসকোনি বলেন, “আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর ভোটে দাঁড়াবো না কিন্তু খেলতে পারে ও গোল করতে পারে এমন তরুণদের পাশে সবসময় থাকবো।”
গত নভেম্বরে ইতালির পর্বত প্রমাণ আর্থিক সঙ্কটের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১২৯ ঘ.
bdnews24