বৈরুত, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রধান উত্তর-দক্ষিণ মহাসড়কের কাছে একটি সেনাঘাঁটি দখলের লড়াই চালাচ্ছে বিদ্রোহীরা।
এ ঘাঁটি দখল করতে পারলে তা হবে তাদের জন্য একটি নিরাপদ এলাকা গড়ার পথে বড় ধরনের পদক্ষেপ।
মারাত আল-নুমান শহরের পূর্বে ওয়াদি আল-দিফ দু’সপ্তাহ ধরে ঘিরে রেখে হামলা চালাচ্ছে তারা। সরকারি বাহিনীর কাছ থেকেও প্রচ- পাল্টা হামলার শিকার হচ্ছে বিদ্রোহীরা।
ওয়াদি আল-দিফ বিদ্রোহীরা দখল করে নিলে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আলেপ্পোর লড়াইয়ে নিয়োজিত সেনাদের রসদ পৌঁছে দিতে লাটাকিয়া থেকে একটি মাত্র স্থল রুটের ওপর নির্ভর করতে হবে।
আসাদের পক্ষত্যাগী এক লেফটেন্যান্ট-কর্নেল খালেদ হামুদ বলেন, লড়াই শুরু হয়েছে ১১ দিন আগে। প্রথমে আমরা ছোট ছোট কয়েকটি দলকে ঘাঁটিটি মুক্ত করতে পাঠিয়েছিলাম। কিন্তু সরকারি বাহিনী প্রতিরোধ দেখে আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম।
“সরকারি বাহিনী প্রচ-ভাবে লড়ছে। ওই ঘাঁটির দখল ধরে রাখতে হাজার হাজার সেনার মৃত্যুরও তারা পরোয়া করছে না”, বলেন তিনি।
মারাত আল নুমান ইতোমধ্যেই বিদ্রোহীরা দখল করে নিয়েছে। এতে করে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আলেপ্পো মহাসড়ক।
হামুদ বলেন, তার ধারণা ওয়াদি আল দিফ সুরক্ষায় রয়েছে প্রায় ৪শ’ সেনা এবং দামেস্ক-আলেপ্পো সড়ক থেকে ৫শ মিটার দূরে আছে বেশ কিছু ব্যারাক।
ওয়াদি আল দিফ দখল করতে পারলে তা বিদ্রোহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালাসি কেন্দ্রও হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২১৩২ঘ.
bdnews24