২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে বিরোধীদলের প্রতিবাদে পুলিশি বাধা

কুয়েতে নির্বাচনী আইন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভরত হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদুনে গ্যাস, সংজ্ঞালোপী গ্রেনেড ও লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

কুয়েত, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কুয়েতে নির্বাচনী আইন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভরত হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদুনে গ্যাস, সংজ্ঞালোপী গ্রেনেড ও লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছে। রোববার দেশটির প্রধান বিরোধীদলের ডাকা এই বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার জন্য কুয়েতের রাজধানী কুয়েত সিটির বিভিন্ন এলাকায় হাজার হাজার প্রতিবাদকারী জড়ো হয়। প্রতিবাদকারীরা মিছিল নিয়ে প্রধান সরকারী দপ্তরের দিকে যেতে চেয়েছিল। কিন্তু দাঙ্গা পুলিশ এরকম কয়েকটি দলকে দ্রুত ঘিরে ফেলে ছত্রভঙ্গ করার জন্য কাঁদুনে গ্যাস ও সংজ্ঞালোপী গ্রেনেড ব্যবহার করে। বিরোধীদলীয় এক আন্দোলনকারীর হিসাবমতে, আইনটির প্রতিবাদে শহরের বিভিন্নস্থানে ৫০ হাজারেরও বেশি লোক জমায়েত হয়েছিল। হাসাপাতালের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় আহত অন্তত ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অধিকাংশই কাঁদুনে গ্যাস ও পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজন সাবেক পার্লামেন্ট সদস্য ও এক সাংবাদিকসহ অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। শনিবার ১ ডিসেম্বরকে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা করে সাবা পরিবার প্রভাবিত মন্ত্রিসভা। এর আগে দেশটির শাসক শেখ সাবা আল আহমেদ আল সাবা নির্বাচনী আইন সংশোধন করার নির্দেশ দিলে তা বাস্তবায়ন করা হয়। নির্বাচনী আইনের এ পরিবর্তনকে “সংবিধানের ওপর অবৈধ হস্তক্ষেপ” অভিহিত করে আইনের প্রতিবাদে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো। গত সপ্তাহে রাজনৈতিক অচলাবস্থার অজুহাতে সর্বশেষ নির্বাচিত পার্লামেন্ট ভেঙ্গে দেন আমির শেখ সাবা। তখন থেকেই ধারণা করা হচ্ছিল পরবর্তী নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন শাসক পরিবার ও পার্লামেন্টের মধ্যে ক্রমবর্ধান ক্ষমতার দ্বন্দ্বে, ২০০৬ সালে আমির শেখ সাবা কুয়েতের শাসক হওয়ার পর থেকে, এ পর্যন্ত আটবার সরকার পরিবর্তন হয়েছে। ওই সময় থেকে এ পর্যন্ত ছয়বার নির্বাচিত পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হয়েছে। কুয়েতের সর্বশেষ পার্লামেন্টে বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতা ছিল। আসছে নির্বাচনেও বিরোধীদল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ফেব্রুয়ারিতে করা এক জরিপে আভাস পাওয়া গিয়েছিল। তবে নির্বাচনী আইন পরিবর্তন করে শাসকদল নির্বাচনী ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ প্রধান বিরোধী দলের। তাই নির্বাচন বর্জনের ঘোষাণা দিয়েছে তারা। এদিকে সরকার জানিয়েছে, “জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে” নির্বাচনী আইনের দুর্বলতা দূর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৪৬ ঘ.