ফ্লোরিডা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর মাত্র ১৬ দিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনির প্রতি জনসমর্থন সমান সমান হয়ে দাঁড়িয়েছে।
প্রার্থীদের সর্বশেষ মুখোমুখি বিতর্কের আগে এ পরিস্থিতি ডেমক্রেট-রিপালিকান দুই শিবিরে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে।
রোববার টেলিভিশন চ্যানেল এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত সর্বশেষ যৌথ জরিপে ওবামা ও রমনি, উভয়প্রার্থীর পক্ষে ৪৭ শতাংশ জনসমর্থন প্রকাশ পেয়েছে। এতে সোমবার রাতে অনুষ্ঠিতব্য প্রার্থীদের শেষ মুখোমুখি বিতর্কের দিকে সব মনোযোগ কেন্দ্রিভূত হয়েছে।
এখনও দোদুল্যমান ভোটাররা ওই বিতর্কে জয়ী প্রার্থীর দিকে হেলে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ওই প্রার্থীর জন্য হোয়াইট হাউজের দরজা খুলে যেতে পারে।
নির্বাচনের দুই সপ্তাহ আগে ডেমক্রেট ও রিপাবলিকান, দুই পক্ষের দুই শক্ত প্রার্থীর কারণে নির্বাচনী প্রচারণা দারুন জমে উঠেছে। তবে এর মধ্যে জনসমর্থনে রিপাবলিকান প্রার্থী রমনির এগিয়ে আসাটাই সবচেয়ে আশ্চর্যজনক।
নির্বাচনী প্রচারণার সময় অনেকগুলো ভুল পদক্ষেপ প্রেসিডেন্ট প্রার্থী রমনির জন্য দারুণ বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল। এর মধ্যে সবচেয়ে গুরুতর ছিল ফাঁস হওয়া এক গোপন ভিডিও। যাতে প্রায় অর্ধেক মার্কিন নাগরিককে তিনি দায়িত্বহীন ও সরকারি ভাতার ওপর নির্ভরশীল বলে অবজ্ঞা করেছিলেন।
অক্টোবরের ৩ তারিখে অনুষ্ঠিত প্রথম বিতর্কে জয়ী হয়ে এই পরিস্থিতি অনেকটাই কাঁটিয়ে ওঠেন রমনি। জনসর্মথন জরিপে প্রথম থেকে এগিয়ে থাকা প্রেসিডেন্ট ওবামাকে প্রায় ধরে ফেলেন। তবে দুই সপ্তাহ পর অনুষ্ঠিত মুখোমুখি বিতর্কে আবার ফিরে আসে ডেমক্রেটরা। কিন্তু এবারের জয় ওবামাকে জনসমর্থনে কোনো নিরাপদ ব্যবধান তৈরি করতে সাহায্য করেনি।
এছাড়া অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি বিশেষ করে বেকারত্ব হ্রাস ও আবাসন শিল্পের বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার ইঙ্গিতেও প্রেসিডেন্ট ওবামার অবস্থানকে নিরাপদ করতে পারেনি।
যে সব রাজ্যের ভোটের ফলাফলের ওপর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ভর করে সেই সব রাজ্যে জনসমর্থনে এগিয়ে থাকাই এখন ওবামা শিবিরের ভরসা।
নির্বাচনের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার এই পরিস্থিতিতে সব মার্র্কিনির দৃষ্টি সোমবার রাতে নিবদ্ধ থাকবে ফ্লোরিডার বোকা র্যাটোনে, কারণ এখানেই দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে সর্বশেষ মুখোমুখি নির্বাচনী বিতর্কটি অনুষ্ঠিত হবে।
সম্ভবত যার ওপর নির্ভর করছে আগামী ১৬ দিন জনসমর্থনে কে এগিয়ে থেকে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজের চাবি হাতে পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১০২ ঘ.
bdnews24