মিশরের বিচারকদের গণভোট প্রত্যাখ্যান
ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহামেদ মুরসির সমর্থকদের ‘চাপে’ মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়ার পর আহূত গণভোট প্রত্যাখ্যান করেছেন দেশটির বিচারকেরা।
ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহামেদ মুরসির সমর্থকদের ‘চাপে’ মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়ার পর আহূত গণভোট প্রত্যাখ্যান করেছেন দেশটির বিচারকেরা।
মিশরের ঐতিহ্য অনুযায়ী দেশটির বিচারকেরা গণভোটের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
রোববার সর্বোচ্চ সাংবিধানিক আদালত নিজেদের কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিচারকদের সংগঠন ‘দ্য জাজেস ক্লাব’ গণভোট প্রত্যাখ্যান করার ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি।
আগামী ১৫ ডিসেম্বর মিশরের নতুন খসড়া সংবিধানের ওপর গণভোটের ডাক দিয়েছিলেন প্রেসিডেন্ট মুরসি।
গণভোট প্রত্যাখ্যানের কথা জানিয়ে জাজেস ক্লাবের প্রধান আহমেদ আল জিন্দ বলেন, “আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় সংবিধানের ওপর গণভোট তত্ত্বাবধানের দায়িত্ব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
“যাকে ‘সাংবিধানিক ডিক্রি’ বলে বলা হচ্ছে তার প্রতিক্রিয়ায় এই প্রতিবাদ, এই ডিক্রি বাতিল না করা পর্যন্ত প্রতিবাদ চলবে,” বলেন তিনি।
তবে ক্লাবের সিদ্ধান্ত সদস্যদের জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন বিবিসির কায়রো প্রতিনিধি।
ওদিকে মিশরের উপরাষ্ট্রপতি মাহমুদ মেক্কি বলেছেন, তিনি বিশ্বাস করেন বিচারকেরা তাদের দায়িত্ব পালন করবেন।
রোববার মিশরের সাংবিধানিক পার্লামেন্টের বৈধতা নিয়ে একটি রুল জারি করার কথা ছিল দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের। কিন্তু ওইদিন সর্বোচ্চ আদালতের সামনে মুরসির ইসলামপন্থি সমর্থকেরা বিক্ষোভ সমাবেশ করে বিচারকদের আদালতে প্রবেশে বাঁধা সৃষ্টি করে।
শনিবার রাত থেকে সর্বোচ্চ সাংবিধানিক আদালত ঘেরাও করে রাতভর বিক্ষোভ করে মুরসি সমর্থকেরা। পরদিন রোববারও তা অব্যাহত রাখা হয়।
আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টির কারণে কার্যক্রম স্থগিত ঘোষণা করে আদালত। ফলে সাংবিধানিক পার্লামেন্টের বিষয়ে রুল জারি করাও স্থগিত হয়ে যায়।
এ ঘটনার প্রতিক্রিয়ায় সর্বোচ্চ সাংবিধানিক আদালত রোববারকে মিশরের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে “কালো দিন” বলে অভিহিত করেছে।
আহূত গণভোটের বিরুদ্ধে মঙ্গলবার প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে মিশরের বিরোধীদলগুলো।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আগেই গণভোটের ডাক দিয়ে মুরসি প্রতিশ্র“তি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে ওই দলগুলো।
প্রস্তাবিত খসড়া সংবিধানে নাগরিকদের মৌলিক স্বাধীনতা খর্ব করা হয়েছে বলে মনে করে বিরোধীদলগুলো।
একদিকে প্রেসিডেন্ট মুরসি ও তার সমর্থক মুসলিম ব্রাদারহুড এবং অন্যদিকে বিরোধীদলগুলো ও দেশটির বিচারকেরা অবস্থান নেওয়ায় হোসনি মুবারক পরবর্তী গণতান্ত্রিক মিশরের রাজনৈতিক সঙ্কট আরো গভীর হয়ে উঠলো।
