২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফুসফুসের সমস্যায় ভুগছেন অ্যাসাঞ্জ’

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যায় ভুগছেন। যে কোনো সময় ওই অবস্থার আরো অবণতি ঘটতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যায় ভুগছেন। যে কোনো সময় ওই অবস্থার আরো অবণতি ঘটতে পারে।

আর এজন্য তার নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাজ্যে নিযুক্ত ইকুয়েডরের রাষ্ট্রদূত।

যুক্তরাজ্যে নিযুক্ত ইকুয়েডরের রাষ্ট্রদূত আনা আলবান কুইটোয় সফরকালে স্থানীয় টিভি নেটওয়ার্ককে বলেন, “তার (অ্যাসাঞ্জ) দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যা রয়েছে। যে কোনো সময়ে ওই অবস্থার অবণতি হতে পারে।”

তিনি আরো জানান, ইকুয়েডর অ্যাসাঞ্জের চিকিৎসা ব্যয় বহন করছে এবং তার স্বাস্থ্য পরীক্ষায় নিয়মিত চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে।

যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, ইকুয়েডর দূতাবাস থেকে বের হওয়া মাত্র অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হবে। বর্তমানে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের সামনে সার্বক্ষণিক পুলিশি নজরদারী রয়েছে।

অক্টোবরে ইকুয়েডর কর্তৃপক্ষ অ্যাসাঞ্জকে জরুরি চিকিৎসার প্রয়োজনে বাইরে নেওয়া হলে তাকে গ্রেপ্তার না করার জন্য শরণার্থীর মর্যাদা দিতে যুক্তরাজ্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল।

অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে শরণার্থীর মার্যাদায় অবস্থান করছেন।

চলতি বছরের ১৯ জুন সুইডেনে হস্তান্তরের পদক্ষেপ থেকে বাঁচতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি।

সুইডেনে তার বিরুদ্ধে দুই নারীকে যৌন হয়রানি করার অপরাধে মামলা রয়েছে। কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

তার ধারণা সুইডেনে পাঠানো হলে যুক্তরাষ্ট্র সহজেই তাকে কব্জায় নিতে পারবে। আর যুক্তরাষ্ট্রের হাতে গেলে তাকে গুপ্তচরবৃত্তির অজুহাতে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

ইরাকযুদ্ধ সম্পর্কিত যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক বার্তা প্রকাশ করে দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিকস।

তার এই কর্মকাণ্ডের ফলে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সরকার বিব্রতকর অবস্থায় পড়ে। এর ফলশ্র“তিতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশের রোষের মুখে রয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।