২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় নিহতের সংখ্যা একশ ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলের টানা ছয় দিনের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা একশ ছাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

গাজায় ইসরায়েলের টানা ছয় দিনের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা একশ ছাড়িয়েছে।

এই প্রেক্ষাপটে মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুরসির উদ্যোগকে কেন্দ্র করে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ আরো বেড়েছে।

সোমবার হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ষষ্ঠ দিনের মতো ইসরায়েলের হামলায় হামাসের এক কমান্ডারসহ এক পরিবারের আরো চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

এদের নিয়ে ৬ দিনে মোট ১০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।

সোমবার গাজা থেকে ইসরায়েলে একশরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে তিন ইসরায়েলি নিহত হয়েছিলেন।

ইসরায়েল-গাজা পাল্টাপাল্টি হামলা বন্ধে যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে মিশর। কায়রোতে মিশরীয় কর্মকর্তারা ইসরায়েলি ও হামাস কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

মিশরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে মঙ্গলবারের মধ্যে একটি ঘোষণা দেওয়া যাবে বলে আশা করছেন তারা।

যুদ্ধবিরতির উদ্যোগ এগিয়ে নিতে সোমবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন কায়রো পৌঁছান। মঙ্গলবার মিশরীয় প্রেসিডেন্ট মুরসির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এ প্রচেষ্টায় মুন যুক্ত হওয়ায় যুদ্ধবিরতি প্রস্তাবে নতুন গতি সঞ্চার হবে বলে ধারণা করা হচ্ছে।

মিশর ইতোমধ্যে ইসরায়েল ও হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। মিশরীয় প্রস্তাব নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় আলোচনা চলছে বলেও জানা গেছে।

মিশরের প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ইসরায়েল ও হামাসের শর্তগুলো গণমাধ্যমে এসেছে।

ইসরায়েল দাবি করেছে, গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ বন্ধ করতে হবে। হামাসের অস্ত্রসজ্জিত হওয়ার চেষ্টায় আন্তর্জাতিক নিয়ন্ত্রণ আরোপ করতে হবে।

অন্যদিকে হামাস দাবি করেছে, ইসরায়েলের ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বন্ধ করতে হবে এবং গাজার চারপাশে ইসরায়েলের অবরোধ তুলে নিতে হবে।

মুরসির সঙ্গে আলোচনা শেষে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বসবেন জাতিসংঘ মহাসচিব। তিনি বৈঠক করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও।

গাজার পরিস্থিতি স্বাভাবিক করার পথ খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যে মিশরের প্রেসিডেন্ট মুরসি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।

মুরসির সঙ্গে আলোচনায় ওবামা হামাসের রকেট নিক্ষেপ বন্ধ করার ওপর জোর দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। আর দুই নেতার সঙ্গে কথা বলার সময়ই তিনি ‘ইসরায়েলি ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিক’ নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

রাশিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন জানিয়েছেন, গাজায় সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলবে তার দেশ। যুদ্ধবিরতির জন্য আরবের চেষ্টায় নিরাপত্তা পরিষদের এক সদস্য রাষ্ট্র বাধ সাধছে বলেও তিনি অভিযোগ করেন।

রাষ্ট্রটির নাম উল্লেখ না করলেও বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই এ কথা বলেছেন রাশিয়ার প্রতিনিধি।