জেরুজালেমে হামাসের রকেট হামলা
গত কয়েক দশকের মধ্যে এই প্রথম পবিত্র শহরে রকেট হামলা চালানো ফিলিস্তিনি যোদ্ধারা।
গাজা থেকে পবিত্র শহর জেরুজালেমে রকেট হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। দ্বিতীয় দিনের মতো ইসরাইলের রাজধানী তেল আবিব লক্ষ্য করেও রকেট ছোড়ে তারা।
১৯৭০ সালের পর জেরুজালেমে এই প্রথম রকেট হামলা চালালো ফিলিস্তিনিরা।
ইসরাইলের পুলিশ জানায়, শুক্রবার গাজা থেকে ছোঁড়া একটি রকেট জেরুজালেমে আঘাত হনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।
শুক্রবার ফিলিস্তিন সফরে এসে মিশরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল উত্তেজনার জন্য ইসরাইলের আগ্রাসী মনোভাবকে দোষারোপ করেন।
কান্দালের ফিলিস্তিন সফর উপলক্ষে মিশরের অনুরোধে গাজায় হামলায় বিরতি দেয় ইসরাইল। হামাস যোদ্ধারাও সেই শর্তে যুদ্ধ বিরতিতে সম্মত হয়। কিন্তু শর্ত ভেঙে হামলা হচ্ছে বলে উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করতে থাকে।
এদিকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মিশরের ক্ষমতাসীন নেতারা।
মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, হামলা বন্ধে উভয় দেশ সম্মত হলে মিশর মধ্যস্ততা করতেও সম্মত আছে বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার রাতে গাজায় অন্তত ১৩০টি লক্ষ্যে আঘাত করে ইসরায়েলি বাহিনী। গাজা থেকেও অন্তত ১১টি রকেট ছোড়া হয়।
গত বুধবার গাজায় জল, স্থল ও আকাশ থেকে একযোগে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত হামাসের সামরিক শাখার প্রধানসহ অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১২ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ছয়টি শিশু ও একজন সন্তানসম্ভবা নারীও রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে হামাসের নিক্ষেপ করা রকেটে ইসরায়েলের কিরিয়াত মালাচি শহরে তিনজন নিহত হয়।
