রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ দেবেন ওবামা
আসন্ন সফরে রাখাইন রাজ্যে শান্তি ফিরিয়ে আনা ও সেখানে সংঘটিত সাম্প্রদায়িক-জাতিগত দাঙ্গার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে মিয়ানমারের নেতাদের ওপর চাপ সৃষ্টি করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
আসন্ন সফরে রাখাইন রাজ্যে শান্তি ফিরিয়ে আনা ও সেখানে সংঘটিত সাম্প্রদায়িক-জাতিগত দাঙ্গার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে মিয়ানমারের নেতাদের ওপর চাপ সৃষ্টি করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে হোয়াইট হাউস।
শনিবার, ১৭ নভেম্বর দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ওবামা। মিয়ানমারে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের এটাই হবে প্রথম সফর। সেই হিসেবে ওবামার মিয়ানমার সফরটি হবে ঐতিহাসিক।
দীর্ঘদিন সামরিক শাসনের যাতাকলে পিষ্ট মিয়ানমারে স¤প্রতি গণতান্ত্রিক সংস্কার শুরু করেছে দেশটির সেনাসমর্থিত বেসামরিক সরকার। এছাড়া সম্প্রতি রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের সঙ্গে সংখ্যাগুরু রাখাইনদের ভয়াবহ জাতিগত ও সম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।
গণতান্ত্রিক সংস্কার এখনও পূর্ণ রূপ না পাওয়ায় ও জাতিগত সংঘাতে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় দেশটিতে ওবামার সফরে আপত্তি জানিয়েছে মানবাধিকার কর্মীরা। তারা ওবামার মিয়ানমার সফরকে ‘অকাল সফর’ হিসেবে বর্ণনা করে দেশটিকে ‘আগাম পুরস্কৃত’ করা হচ্ছে বলে অভিযোগ করেছে।
ওবামার সফর মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারকে আরো উৎসাহিত করবে ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোকে সংস্কারে এগিয়ে আসার পক্ষে উদাহরণ তৈরি করবে বলে ওবামা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তবে জাতিগত সংঘাত যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগের বিষয় হয়ে আছে বলে জানিয়েছেন ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন।
তিনি বলেন, জাতিগত সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য মিয়ানমার সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে, সংঘাতপূর্ণ এলাকায় মানবাধিকার কর্মীদের যাওয়ার অনুমতি দিতে হবে এবং সহিংসতার জন্য দায়ীদের বিচার করতে হবে।
রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা মিয়নামার সরকারে সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “আমার প্রত্যাশা এ বিষয়ে প্রেসিডেন্ট মিয়ানমারের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলবেন।”
মিয়ানমারের পশ্চিম সীমান্তের রাখাইন রাজ্যে মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গারা কয়েকশত বছর ধরে বসবাস করে আসছে। কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যাগুরু রাখাইন ও বর্মী জাতিগোষ্ঠির মানুষ রোহিঙ্গাদের প্রতিবেশি বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী বলে মনে করে। রোহিঙ্গাদের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই, দেশটিতে রোহিঙ্গাদের কোনো নাগরিক অধিকারও নেই।
গত মাসে রোহিঙ্গাদের সঙ্গে রাখাইনদের এক সপ্তাহের জাতিগত দাঙ্গায় সরকারী হিসেবে ৮৯ জন নিহত হয়।
