ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত
ইসরায়েলের বিমান হামলায় বুধবার ফিলিস্তিনি গেরিলা দল হামাসের সামরিক শাখা প্রধান আহমেদ আল-জাবারি নিহত হয়েছেন।
ইসরায়েলের বিমান হামলায় বুধবার ফিলিস্তিনি গেরিলা দল হামাসের সামরিক শাখা প্রধান আহমেদ আল-জাবারি নিহত হয়েছেন।
হামাস জানায়, দলের সশস্ত্র শাখা পরিচালনাকারী জাবারি একটি গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে সহকারীসহ নিহত হয়েছেন।
দশকব্যাপী গাজা থেকে ইসরায়েলে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করায় জাবারির ওপর হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
চার বছর আগে গাজায় ইসরায়েলি হামলার পর জাবারিই সবচেয়ে উর্ধ্বতন কর্মকর্তা যিনি হামলায় নিহত হলেন।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেট এ হামলা চালানোর খবর নিশ্চিত করেছে। জাবারি দশকব্যাপী সন্ত্রাসী কর্মকা- চালানোর কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
একটি বিবৃতিতে শিন বেট জানায়, “জাবারি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় নেতৃত্ব দেয়াসহ তাতে অর্থায়ন করছিল।”
“তার মৃত্যু গাজায় হামাস কর্মকর্তাদের জন্য এই বার্তায় দিচ্ছে যে, তারা ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে গেলে এর জবাব দেয়া হবে।”
হামাস কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ভেঙে দেয়াই এ অভিযানের লক্ষ্য ছিল বলেও জানানো হয়েছে বিবৃতিতে। হামাস এর জবাবে এক বেতার সম্প্রচারে তাৎক্ষণিকভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার ডাক দিয়েছে।
বিবিসি জানিয়েছে, এ হামলার পর গাজায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং এর ফলে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এবং দুপক্ষেই নতুন করে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
