বৈরুত, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--লেবাননে গাড়িবোমা হামলায় নিহত শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তার দাফনানুষ্ঠানে রোববার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিরিয়ার নিন্দা জানিয়েছে শোকার্ত হাজারো জনতা।
তারা লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির পদত্যাগেরও দাবি জানায়।
বৈরুতের মার্টার্স স্কয়ারের দাফনানুষ্ঠানে মোতায়েন রাখা হয় ভারী অস্ত্রসজ্জিত সেনা ও পুলিশ। এ সময় অনেকেই সুন্নি-ভিত্তিক বিরোধী ফিউচার পার্টির আকাশী নীল রংয়ের পতাকা উড়ায়।
অন্যান্যরা লেবাননের জাতীয় পতাকা উড়ায়। এছাড়া, সিরিয়ার বিদ্রোহীদের পতাকা এবং কালো ইসলামি ব্যানারও উড়তে দেখা যায়। একটি ব্যানারে ‘নাজিব বিদায় হও’লেখা ছিল।
লেবাননের নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার উইসাম আল হাসান শুক্রবার বৈরুতে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন।
সিরিয়া এ হত্যার ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন লেবাননের রাজনীতিবিদরা। সিরিয়ার গৃহযুদ্ধ সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ছে এমন শঙ্কা ক্রমেই বাড়ছে।
দাফনানুষ্ঠান শুরু করতে রোববার অভ্যন্তরীন নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরে সমবেত হন ঊর্ধ্বতন রাজনীতিবিদ, সামরিক ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাসানের স্ত্রী এবং দুই সন্তানও এতে উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট মাইকেল সুলাইমান এ সময় এ হত্যাকা-ের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার এবং জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
মার্টার্স স্কয়ারে সমবেত লোকজনও লেবাননে এ বোমা হামলায় সিরিয়ার হাত থাকার অভিযোগ করেছে। এ হামলায় জড়িত থাকার জন্য তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দোষারোপ করে।
একইসঙ্গে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির বিরুদ্ধেও বিষোদগার করে তারা তার পদত্যাগ দাবি করে। মিকাতির সঙ্গে শিয়া হিজবুল্লাহর ঘনিষ্ঠতা আছে বলে তারা অভিযোগ করে।
গত শুক্রবার বৈরুতের আশ্রাফিয়া এলাকায় গাড়িবোমা হামলায় হাসানসহ আরো ৭ জন নিহত ও ৮০ জন আহত হয়। মৃত্যুর মাত্র দুইমাস আগে একটি বোমা হামলার ষড়যন্ত্র উদঘাটন করেছিলেন হাসান। ওই ষড়যন্ত্রে সিরিয়া জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছিল।
ওই বোমা হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করেছেন সাদ আল হারিরি। ঘটনার জন্য বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী মিকাতির পদত্যাগ দাবি করেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ শিয়া আলাউতি গোত্রের লোক। লেবাননের শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহ আসাদের মিত্র। মিকাতি সরকারে হিজবুল¬াহর মন্ত্রীও আছে।
লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলির সুন্নি মুসলিম উয়িসাম আল হাসান। তার হত্যাকাণ্ডে লেবাননের সুন্নিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই এর প্রতিবাদে পুরো লেবাননজুড়ে সুন্নিরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।
নিহত হাসান ২০০৫ সালে গাড়িবোমায় নিহত সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরির ঘনিষ্ঠ সহচর ছিলেন। হারিরি হত্যার তদন্ত কর্মকর্তাও ছিলেন তিনি। হারিরি হত্যার সঙ্গে তিনি সিরিয়া ও হিজবুল্লার সম্পৃক্ততা উদঘাটন করেছিলেন।
অগাস্টে আরেকটি বোমা হামলার ষড়যন্ত্র উদঘাটন করে তাতে সিরিয়া সরকারের জড়িত থাকার প্রমাণ দিয়েছিলেন।
হাসান হত্যার ঘটনায় লেবাননে স¤প্রদায়গত বিবাদ প্রকাশ্য রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেশী সিরিয়ায় শিয়া প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে প্রধানত সুন্নিদের নেতৃত্বে বিদ্রোহী লড়াই চলছে। সিরিয়ার গৃহযুদ্ধের উত্তেজনায় লেবাননের শিয়া-সুন্নিদের মধ্যে আগেই কয়েকবার বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।
এ অবস্থায় ১৯৭৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত গৃহযুদ্ধে জর্জরিত লেবাননে আবার গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে গভীর আশঙ্কা ছড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০৬ ঘ.
bdnews24