ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলে গেলেন ইয়াশ চোপড়া। তার মৃত্যুতে নিভে গেল পঞ্চাশের দশকের আবেগমথিত হিন্দি সিনেমার ধারার শেষতম প্রদীপ।
ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহের মধ্যে রোববার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে ভারতের ইতিহাসে অন্যতম এই সফল নির্মাতার মৃত্যু হয় বলে দেশটির সংবাদ মাধ্যম জানায়।
‘কভি কভি’, ‘সিলসিলা’, ‘দিওয়ার’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’-এর মতো প্রায় দু’ডজন হিট ছবির এই পরিচালক-প্রযোজকের বয়স হয়েছিল ৮০।
১৯৩২ এ ব্রিটিশ ভারতের লাহোরে জন্ম নেয় আট ভাইবোনের সবচেয়ে ছোট ইয়াশ চোপড়া। পেশাজীবন শুরু করেন গণপূর্ত বিভাগের হিসাবরক্ষক হিসেবে। সিনেজগতে পা রাখেন আই এস জওহার আর বড়ভাই পরিচালক বি আর চোপড়ার সহকারী হিসেবে।
পরিচালক হিসেবে ইয়াশের প্রথম চলচ্চিত্র ১৯৫৯ এ - ‘ধুল কা ফুল’। মেলোড্রামা হলেও এতে সামাজিক বক্তব্য ছিল। ছয় দশকের ক্যারিয়ারে তার কাহিনীর মূল ঝোঁকগুলোর ভেতর রয়েছে অসম প্রেম, পরকীয়া ও আন্তঃপ্রজন্ম টানাপড়েন।
পরবর্তী ছয় দশকে তৈরি করেছেন নতুন নতুন ‘ফর্মুলা’, ভেঙেওছেন। ‘দিওয়ার’-এ অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ বা ‘ক্রুদ্ধ তরুণ’ ইমেজ যেমন তৈরি করেছেন, ‘ডর’ ছবিতে ‘অ্যান্টিহিরো’ হিসেবে শাহরুখের নির্মাণও তার হাতেই।
পরিচালক ছাড়াও ইয়াশ চোপড়া প্রযোজক-পরিবেশক হিসেবে ‘ইয়াশ রাজ ফিল্মসের’ ব্যানারে তৈরি করেছেন অসংখ্য ব্যবসাসফল ছবি। তার ছেলে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ খ্যাত আদিত্য চোপড়াও একজন রেকর্ডসৃষ্টিকারী পরিচালক।
আগামী মাসে মুক্তি পাচ্ছে ইয়াশ চোপড়ার শেষ চলচ্চিত্র ‘জব তক হ্যায় জান’।
বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল নির্মাতা ইয়াশ চোপড়া ছয়বার জাতীয় পুরস্কার পেয়েছেনে, ফিল্ম ফেয়ার জিতেছেন ১১ বার। ভারত সরকার তাকে ২০০১ এ দাদা সাহেব ফালকে সম্মাননা দেয় এবং ২০০৫ এ পদ্মভূষণ পদকে ভূষিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমআই/২১৫৪ ঘ.
bdnews24