২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্রতর হচ্ছে ওবামা-রমনি লড়াই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত টেলিভিশন তর্কযুদ্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিট রমনি মুখোমুখি হওয়ার আগে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ওয়াশিংটন, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত টেলিভিশন তর্কযুদ্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিট রমনি মুখোমুখি হওয়ার আগে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হচ্ছে। সর্বশেষ জরিপগুলোতে ওবামা কিছুটা এগিয়ে থাকলেও তাদের মধ্যে ব্যবধান খুবই কম দেখা যাচ্ছে। রয়টার্স ও আইপিসোসের অনলাইন জনমত জরিপে দুজনেরই জনসমর্থনের ব্যবধান কাছাকাছি। শনিবার প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা সামান্য ব্যবধানে প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে এগিয়ে আছেন। তবে শক্রবার গত এক সপ্তাহ আগের চেয়ে দুজনের জনপ্রিয়তার পার্থক্য ছিল খুবই কম। জরিপে ৪৬ শতাংশ ভোটার চাইছেন ওবামাকে। আর ৪৩ শতাংশ আগামী ৬ নভেম্বরের নির্বাচনে রমনিকে ভোট দিতে চাচ্ছেন। শুক্রবার অনলাইন জরিপে রমনির চেয়ে শতকরা তিন পয়েন্টে এগিয়ে ছিলেন ওবামা। জরিপে ওবামা পেয়েছেন ৪৬ পয়েন্ট যেখানে রমনি পেয়েছেন ৪৩ পয়েন্ট। আইপিসোস এর জরিপ পরিচালক জুলিয়া ক্লার্ক বলেন, গত কয়েক দিনে ওবামাকে তিন পয়েন্ট এগিয়ে থাকতে দেখা গেছে। তবে শনিবার দু’জনের অবস্থান আরো কাছাকাছি হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বিতর্ক অনুষ্ঠিত হয়। ওই দিন ওবামাকে তর্কযুদ্ধে ভালো ব্যবধানে পরাজিত করেছিলেন রিপাবলিকান প্রার্থী রমনি। তবে গত ১৬ অক্টোবর চলা দ্বিতীয় দফা বিতর্কে অনেকটা সপ্রতিভ হতে দেখা গেছে ওবামাকে। ওই দিন বিতর্কের মঞ্চে বেশ ক্ষিপ্রতার সঙ্গে যুক্তি খন্ডন ও পাল্টা প্রশ্ন ছুড়েছেন তিনি। ফলে বিতর্কের পর দর্শক জরিপেও ভালো ব্যবধানে পিছিয়ে যান রমনি। দ্বিতীয় দফা বিতর্কের পর সিবিএস টেলিভিশন সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের ওপর জরিপ চালিয়ে দেখেছে- ভোটারদের ৩৭ শতাংশ ওবামার পক্ষে ৩৩ শতাংশ রমনির পক্ষে অবস্থান নিয়েছে। ৩৩ শতাংশ বলছে বিতর্কে দু’জনই সমানে সমান। ২২ অক্টোবর অনুষ্ঠেয় তৃতীয় ও চূড়ান্ত বিতর্ক হবে পররাষ্ট্রনীতির ওপর। বিতর্কের পুরো এক সপ্তাহ বারাক ওবামা মেরিল্যান্ডে কাটিয়েছেন আর রমনি কাটিয়েছেন ফ্লোরিডায়। তৃতীয় দফার চূড়ান্ত বিতর্কটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। জরিপে দুই প্রার্থীর জনপ্রিয়তার কিছুটা ধারণা পাওয়া গেলেও নির্বাচনে তাদের জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে ওহাইও এবং ফ্লোরিডা রাজ্যের ভোটারদের উপর। মোটের ওপর দেখা গেছে, শনিবার পর্যন্ত ওহাইওয় শতকরা ২.৫ পয়েন্টে এগিয়ে আছেন আর ওবামা। আর ফ্লোরিডায় শতকরা ২.১ পয়েন্টে এগিয়ে আছেন রমনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৮১৬ঘ.