গুয়ান্তানামো, কিউবা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত পাঁচজনের মৃতুদণ্ডের শুনানি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় বিশ্বব্যাপী টেলিভিশনে সম্প্রচার করা উচিত বলে যুক্তি দেখিয়েছেন আইনজীবীরা।
শুক্রবার কিউবার গুয়ান্তানামো উপসাগরের তীরে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে শুনানি চলাকালে এ দাবী করেন আসামী পক্ষের আইনজীবীরা।
কয়েকটি ছিনতাই করা বিমান নিয়ে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কয়েকটি স্পর্শকাতর ভবনে হামলা চালায় সন্ত্রাসবাদীরা।
এর মধ্যে দু’টি বিমান নিউ ইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জোড়া ভবনে (টুইন টাওয়ার) পৃথকভাবে হামলা চালায়। ছিনতাইকারীরা দু’টি নিয়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সুউচ্চ ভবন দু’টিতে সরাসরি আঘাত হানে।
অকল্পনীয় ভয়াবহ ওই হামলায় বিশ্বের অন্যতম সর্বোচ্চ ওই ভবন ধূলিসাৎ হয়ে যায়। এতে নিহত হয় প্রায় ৪ হাজার মানুষ।
ওই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ ও তার চার সহযোগীর বিচার শেষে দেওয়া রায়ের শুনানি চলছে। সপ্তাহব্যাপী ওই শুনানির শেষ দিন বিচার প্রক্রিয়া টেলিভিশনে সম্প্রচারের দাবি তোলে আসামী পক্ষের আইনজীবীরা।
আদালতে অভিযুক্ত ওয়ালিদ বিন আতাশের পক্ষে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আইনজীবী নৌ মেজর উইলিয়াম হেন্নেজি প্রশ্ন তোলেন, “যদি এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ হয়, তাহলে সরকার বিশ্ববাসীকে এই বিচার দেখাতে ভয় পাচ্ছে কেন?”
আতাশ একজন ইয়েমেনি, তার বিরুদ্ধে অভিযোগ দুইজন বিমান ছিনতাইকারীকে তিনি আফগানিস্তানে আল কায়েদার ক্যাম্পে প্রশিক্ষণ দিয়েছিলেন। মেজর উইলিয়াম হেন্নেজি তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত (যুক্তরাষ্ট্র) আইনজীবী।
“এই বিচারকে ঐতিহাসিক বিচারের স্বীকৃতি দিয়েছে সরকার,” হেন্নেজি যোগ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচার কখনো টেলিভিশনে সম্প্রচার করা হয় না।
“এটি একটি ন্যায়বিচার আদালত। এটি রিয়েলিটি টিভি না,” বলেন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সেনা ব্রিগেডিয়ার জেনারেল মার্ক মার্টিন্স।
তিনি বলেন, টেলিভিশনে সম্প্রচারিত হলে অনেক সময় মানুষের মনোভাব পরিবর্তিত হয়ে নেতিবাচকতার দিকে ঝুঁকে যায়।
এই বিচারের টেলিভিশন সম্প্রচারের অনুমতি দেওয়ার ক্ষমতা একমাত্র প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার হাতে। তবে এ বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৫ ঘ.
bdnews24