বৈরুত, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৈরুতে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে নিহত আটজনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী এক শীর্ষ লেবাননি গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন। এই হামলা সিরিয়ার গৃহযুদ্ধ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার ইঙ্গিত।
শুক্রবার বিকেলে বৈরুতে ক্রিশ্চিয়ান ফালাং পার্টির কার্যালয়ের কাছে রাস্তায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননের ক্রিশ্চিয়ান ফালাং পার্টি সিরিয়াবিরোধী একটি রাজনৈতিক দল।
নিহত গোয়েন্দা কর্মকর্তা উয়িসাম আল হাসান লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরি হত্যার তদন্ত কর্মকর্তা। তদন্তে হারিরি হত্যার সঙ্গে সিরিয়া ও রাজনৈতিক দল হিজবুল্লাহর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
বিশ্বাসে সুন্নি মুসলমান আল হাসান নিহত সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরির ঘনিষ্ঠজন ছিলেন।
এছাড়া নিহত গোয়েন্দা কর্মকর্তা হাসান অপর একটি বোমা হামলার পরিকল্পনা উদঘাটন করেছিলেন যাতে জড়িত থাকার অভিযোগে সিরিয়াপন্থী এক সাবেক লেবাননি মন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন। এই ঘটনায় লেবাননে সিরিয়ার প্রভাব মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
২০০৫ সালে রফিক হারিরি হত্যার পর এই বোমা হামলাই বৈরুতে চালানো সবচেয়ে ভয়াবহ হামলা।
হামলার প্রতিক্রিয়ায় লেবাননজুড়ে সুন্নি মুসলমানরা রাস্তায় নেমে আসে। তারা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে হত্যার প্রতিবাদ জানায়। এতে লেবাননজুড়ে সম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এই বোমা হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে দায়ী করেছেন হারিরির ছেলে রাজনীতিবিদ সাদ আল হারিরি। আর লেবাননের বিরোধী দল ‘মার্চ ১৪’ জোট ঘটনার জন্য প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সরকারের পদত্যাগ দাবী করেছে। মিকাতি মন্ত্রিসভায় হিজবুল্লাহ দলীয় মন্ত্রীও রয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি হামলার নিন্দা জানিয়েছেন।
হাসানের মৃত্যুকে ‘বিপজ্জনক ইঙ্গিত’ বলে লেবাননের স্থিতিশীলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হিলারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০২৫ ঘ.
bdnews24