ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে এক নারী তার প্রেমিককে গুলি করেছেন।
এ ঘটনায় ওই প্রেমিকসহ তিন জন আহত হয়েছেন বলে শুক্রবার এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
আহতদের লাহোরের মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে প্রেমিক মো. ফয়সালের (২২) অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এনডিটিভি জানায়, পাঞ্জাবের রাজধানী লাহোরের সান্দা এলাকার একটি কারখানার কর্মী এশিয়ার (২০) সঙ্গে তার সহকর্মী ফয়সালের প্রেমের সম্পর্ক ছিল।
এক বছর বা তার চেয়ে কিছু বেশি সময় ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলার পর ফয়সাল সম্প্রতি এশিয়াকে এড়িয়ে চলতে শুরু করে। কয়েক দিন আগে এশিয়া তাকে বিয়ে করতে চাইলে ফয়সাল তাতে অস্বীকৃতি জানায়।
“ফয়সাল আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সে আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সে অন্য একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছে বলে আমাকে জানানোর পর থেকে গত কয়েক দিন ধরে আমি খুব বিষণœ ছিলাম,” এশিয়ার উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়।
লাহোর পুলিশ জানায়, এশিয়া একটি বন্দুক ও কয়েকটি গুলি সংগ্রহ করে বৃহস্পতিবার তাদের কারখানার সামনে ফয়সাল ও তার বন্ধু মো. শাকিরকে লক্ষ্য করে গুলি করে। গুলিতে তারা দুজন ও একজন পথচারী আহত হয়।
এ সময় এশিয়া পালানোর চেষ্টা করলে পথচারীরা ধরে তাকে পুলিশের হাতে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০৩৬ ঘ.
bdnews24