ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইউরোজোন এলাকার ব্যাংকগুলোর জন্য একটি তদারক সংস্থা গড়তে রাজি হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
একটি ‘ব্যাংকিং ইউনিয়ন’ গঠনের প্রথম ধাপ হিসাবে দেখা হচ্ছে এ সিদ্ধান্তকে। এ ব্যাপারে আগামী বছর জানুয়ারিতে আইনগত একটি কর্মকাঠামো গঠন করা হবে। এরপর সংস্থাটির কাজ শুরু হবে ওই বছরই।
তদারকি সংস্থাটি এককভাবে পরিচালিত হবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি’র নেতৃত্বে। ইউরোজোনের যে কোনো ব্যাংকেই এ সংস্থার হস্তক্ষেপ করার ক্ষমতা থাকবে।
ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আপোসরফার মধ্য দিয়েই ইইউ সম্মেলনে নেতারা ইউরোজোনের ব্যাংকগুলোর একক তদারক সংস্থা ‘এ সিঙ্গল সুপারভাইজরি ম্যাকানিজম’ (এসএসএম) গড়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
তদারক সংস্থা গঠনের সময় এবং এ সংস্থার আওতায় কতগুলো ব্যাংকের ওপর নজরদারি থাকবে সে বিষয়টি নিয়ে মতবিরোধ ছিল ফ্রান্স এবং জার্মানির মধ্যে।
কিন্তু বুধবার ইইউ সম্মেলনে আলোচনার ফল ঘোষণা করে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রম্পুই বলেন, ইইউ এর ২৭ টি সদস্যরাষ্ট্র এ বছরের শেষ নাগাদ এসএসএম গড়তে রাজি হয়েছে।
ফলে আগামী বছর থেকেই এ সংস্থা কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসএসএম কাজ শুরু করলে ইউরো এলাকার দুর্বল ব্যাংকগুলো ইউরোজোন রক্ষা তহবিল থেকে সহায়তা পেতে শুরু করবে।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসো বলেন, ইউরো এলাকার কোনো ব্যাংকে ইসিবি প্রয়োজনবোধে সহায়ক পদক্ষেপ নিতে পারবে। তদারকের নতুন ক্ষমতার আওতায় ইসিবি ব্যাংকগুলোকে বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধারে আগাম ব্যবস্থাও নিতে পারবে।
২০১৪ সালের মধ্যে ইউরো এলাকার সব ব্যাংকই নতুন পদ্ধতির আওতায় চলে আসবে বলে আশাবাদী ইইউ নেতারা।
ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ সম্মেলনে নেতারা এ আশা প্রকাশ করেছেন। শুক্রবার সম্মেলনের দ্বিতীয় ও সমাপণী দিন।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৮০২ঘ.
bdnews24