ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এক বরযাত্রী বহরের অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।
শুক্রবার উত্তর আফগানিস্তানের বলখ প্রদেশের দৌলতাবাদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
বোমার আঘাতে বরযাত্রী ভরা একটি মিনিবাস উড়ে যায়। মিনিবাসটিতে নারী ও শিশুসহ অনেক মানুষ ছিল বলে জানা গেছে।
সা¤প্রতিক সময়ে রাস্তার পাশে পেতে রাখা বোমার মাধ্যমে চালানো এটিই সবচেয়ে ভয়াবহ হামলা বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
বরযাত্রীদের ওপর কেন হামলা চালানো হয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠি হামলার দায়িত্ব স্বীকার করেনি।
২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে উত্তর আফগানিস্তানকে দেশটির সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সা¤প্রতিক বছরগুলোতে বলখসহ এই অঞ্চলে তালেবানের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫১২ ঘ.
bdnews24