ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে যৌনকর্মী হতে রাজি না হওয়ায় এক নারীকে শিরশ্ছেদে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আফগান পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানায়।
বুধবার আফগান পুলিশের প্রাদেশিক প্রধান আবদুল গাফার শায়েজাদা জানান, পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে গত সপ্তায় মাহ গুল নামে ২০ বছর বয়সী এক নারীকে তার শাশুড়ি অন্য এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করার চেষ্টা চালায়।
কিন্তু এতে মাহ গুল অস্বীকৃতি জানানোয় তার ওপর যৌনকর্মীর মিথ্যা অভিযোগ তুলে নাজিবুল্লাহ নামে এক ব্যক্তির সহায়তায় ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়।
পুলিশ কর্মকর্তা শায়েজাদা জানান, মাত্র চার মাস আগে বিয়ে হওয়া মাহ গুলকে তার শাশুড়ি বেশ কয়েকদফা যৌনকর্মী হতে বাধ্য করার চেষ্টা চালায়।
সন্দেহভাজন হত্যাকারী নাজিবুল্লাহ আফগান পুলিশ আয়োজিত সংবাদসম্মেলনে বলেন, মাহ গুলের শাশুড়ি মাহ গুলকে একজন যৌনকর্মী বলে তাকে হত্যার জন্য প্ররোচিত করে।
নাজিবুল্লাহ আরো জানান, “রাত ২ টার দিকে মাহ গুলের স্বামী বেকারির উদ্দেশ্যে বেরিয়ে গেলে আমি এখানে আসি এবং তার (মাহ গুল) শাশুড়ির সহায়তায় একটি ছুরি দিয়ে তাকে হত্যা করি।”
পুলিশ এ ঘটনায় মাহ গুলের শাশুড়ি, শ্বশুড়, স্বামী ও হত্যাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে সরকার সমর্থিত মানবাধিকার কমিশনের পরিচালক আবদুল কাদের রাহিমি জানান, এই অঞ্চলে স¤প্রতি নারীর প্রতি সহিংসতা নাটকীয়ভাবে বেড়ে গেছে।
তিনি বলেন, “এ বিষয়ে কোনো সন্দেহ নেই, নারীর প্রতি সহিংসতা বেড়েছে। এ বছর শুধু পশ্চিমাঞ্চলেই নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের ১শ’র মতো ঘটনা নিবন্ধিত হয়েছে।” তবে অনেক ঘটনাই অজ্ঞাত থেকে যায় বলেও স্বীকার করেন তিনি।
তিনি আরো বলেন, “তবে গুলের ঘটনায় হত্যাকারী গ্রেপ্তার হয়ে আইনের আওতায় এসেছে বলে আমরা আনন্দিত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৩ ঘ.
bdnews24