আম্মান, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিরোধী বিদ্রোহীদের মধ্যে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি করার চেষ্টায় আগামী কয়েকদিনের মধ্যে দামেস্ক যাবেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ শান্তিদূত লাখদার ব্রাহিমি।
বৃহস্পতিবার জর্দানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের একথা জানান ব্রাহিমি।
তিনি বলেন, “হ্যাঁ, আমি সিরিয়া যাচ্ছি। আমাদের সিরীয় ভাইদের কাছে এই অনুরোধ জানাবো, আপনারা সরকার পক্ষের বা বিপক্ষের যাই হোন, আগামী সপ্তাহে ঈদের তিন কী চারদিন যুদ্ধ বন্ধ রাখুন।”
“এটি সিরীয়দের কাছে একটি আবেদন, তারা যুদ্ধবন্ধ রেখে নিজেরাই এর তদারকি করুক। এটি কোনো রাজনৈতিক পদ্ধতি বা সিরিয়ার সমস্যার কোনো প্রয়োজনীয় সমাধান নয়,” বলেন তিনি।
কোনো ধরনের পর্যবেক্ষণ ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে যুদ্ধবিরতিটি কার্যকর হবে।
এর আগে আরেকটি যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল। এপ্রিলের ওই যুদ্ধবিরতি শুরুর কয়েকদিনের মধ্যেই আবার পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে যায়। এজন্য সরকার পক্ষ থেকে বিদ্রোহীদের ও বিদ্রোহী পক্ষ থেকে সরকারকে দায়ী করা হয়েছিল। কয়েকমাসের মধ্যেই শান্তিদূত কফি আনান হতাশ হয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন।
ব্রাহিমির প্রস্তাবকে স্বাগত জানিয়ে সিরীয় সরকার বলেছে, উভয়পক্ষকেই এই উদ্যোগ শ্রদ্ধার সঙ্গে নিতে হবে।
আসাদের প্রবল সমালোচক তুরস্ক ও শক্তিশালী মিত্র ইরান উভয়েই এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে।
কোনো বিষয়ে তুরস্ক ও ইরানের একমত হওয়া একটি বিরল ঘটনা।
দামেস্ক থেকে সিরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রাহিমি শনিবার সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
গত ১৯ মাস ধরে চলা সিরিয়ার সরকার বিরোধী লড়াই-বিদ্রোহে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবী করেছে সিরিয়ার সরকার বিরোধী এক মানবাধিকার গোষ্ঠী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১০ ঘ.
bdnews24