বেনগাজি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জেরার মুখে হামলাকালে বেনগাজির যুক্তরাষ্ট্র দূতাবাসে উপস্থিত ছিল বলে স্বীকার করেছে লিবিয়ার এক ইসলামপন্থী সশস্ত্র বেসামরিক বাহিনীর নেতা। তবে হামলায় নেতৃত্ব দেওয়ার কথা অস্বীকার করেছে সে।
নাম উল্লেখ না করে কিছু লিবীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি পত্রিকায় আহমেদ আবু কাত্তালা নামের ওই মিলিশিয়া নেতাকে দূতবাস হামলার হোতা বলে চিহ্নিত করা হয়েছিল। হামলার পর থেকে কাত্তালার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে ওই পত্রিকাগুলো জানিয়েছিল।
চলতি বছরের ১১ সেপ্টেম্বর চালানো ওই হামলায় যুক্তরাষ্ট্রের নাগরিক তিন সহকর্মীসহ লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স নিহত হন।
কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারী সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, বেনগাজি দূতবাসে হামলার সন্দেহভাজন হিসিবে আবু কাত্তালাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে আবু কাত্তালা হামলায় নেতৃত্ব দিয়েছিলেন না হামলাকারীদের সংগঠিত করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা তা এখনো নিশ্চিত হতে পারেননি।
বেনগাজির দূতাবাস হামলা যুক্তরাষ্ট্রের চলতি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় এক প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। রাষ্ট্রদূতের মৃত্যুতে বিরোধী রিপাবলিকানরা প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ এনেছে।
রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে আবু কাত্তালা জানিয়েছেন, দূতাবাস হামলায় তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এমন খবর তিনি গণমাধ্যমগুলোর প্রচারিত সংবাদ সূত্রে জেনেছেন। তিনি পলাতক আছেন, লিবীয় কর্মকর্তাদের এমন কথায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি বলেন, “প্রতিবেনগুলো বলছে, আমি লুকিয়ে আছি আর কেউ জানে না আমি কোথায় আছি। কিন্তু এইতো আমি এখানে, প্রকাশ্যে হোটেলে বসে কথা বলছি। এখনি আমি আমার বোনের বাচ্চাকে স্কুল থেকে আনতে যাবো।”
এক বন্ধুর সঙ্গে হোটেলে বসে হাসিমুখে কথাগুলো বলছিলেন ৪১ বছর বয়সী কাত্তালা।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার সময় সেখানে উপস্থিত থাকার কথাও স্বীকার করেন। তবে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।
লিবীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার সময় তোলা এক ছবিতে কাত্তালাকে দেখা গেছে, কিন্তু তাকে গ্রেপ্তার করার মতো যথেষ্ট প্রমাণ তাদের হাতে নেই। কারণ ওই সময় দূতাবাসে অনেকেই উপস্থিত ছিল যারা হামলার সঙ্গে জড়িত ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২৪ ঘ.
bdnews24