ওয়াশিংটন, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের অর্থ ও সুবিধা নিয়ে আল কায়েদার কার্যক্রম পরিচালনাকারী দুই শীর্ষ আল কায়েদা সদস্যের অবস্থান সম্পর্কে তথ্যের জন্য ১২ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
ওবামা প্রশাসন ইরানভিত্তিক অর্থায়নকারী মুহসিন আল ফাদলি ও তার ডেপুটি আদেল রাদি শকুর আল হারবির অবস্থান জানতে যথাক্রমে ৭০ ও ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার আগাম তথ্য যে কয়েকজন আল কায়েদা নেতা জানতেন, ফাদলি তাদের একজন বলে পররাষ্ট্র বিভাগ দাবি করেছে।
আল ফাদলির ডেপুটি আদেল রাদি শকুর আল হারবির দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে আল কায়েদার কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সরবরাহকারী একটি নেটওয়ার্কের সঙ্গে কাজ করেন।
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ আল হারবির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর ফলে আল হারবি যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের সঙ্গে অর্থ সংক্রান্ত কোনো চুক্তি বা লেনদেন করতে পারবেন না। সেই সঙ্গে তার যেকোনো সম্পদ যা যুক্তরাষ্ট্রের আইনি অধিকারভুক্ত তা জব্দ করা হয়েছে।
২০১১ সালে মার্কিন অর্থ বিভাগ আল কায়েদার আরো ৬ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। আল ফাদলিকে ২০০৫ সালেই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.
bdnews24