ওয়াশিংটন, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সময় ফুরিয়ে আসতে থাকায় প্রতিযোগিতায় তুমুল উত্তেজনার মধ্যে হাস্যরসিকতায় কিছুসময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা ও মিট রমনি।
একে অপরের সঙ্গে দুই দফা বিতর্কের একটিতে ওবামার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে জয় পেয়েছেন রমনি। আর আরেকটিতে রমনির বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রেখে জয় পেয়েছেন ওবামা।
ফ্লোরিডায় দুই প্রার্থীর মধ্যে তৃতীয় দফা অর্থাৎ, শেষ বিতর্ককে সামনে রেখে দুই শিবিরেই এখন টান টান উত্তেজনা।
এরই মধ্যে বৃহস্পতিবার নিউ ইয়র্কে একটি দাতব্য তহবিল সংগ্রহক প্রতিষ্ঠানে হাজির হয়ে দুই প্রার্থী তীব্র বাক্যবাণে একে অপরকে ঘায়েল করা নয় বরং দুজনই দুজনকে উষ্ণ অভ্যর্থনা জানান। দুজনের পরনেই ছিল সাদা শার্ট, কালো কোট ও সাদা বো-টাই।
৬৭ তম বার্ষিক আলফ্রেড ই স্মিথ মেমোরিয়াল ফাউন্ডেশন ডিনারে বক্তব্যদানকালে রমনি বলেন, ডিনারে উপস্থিত ধনীদের সমাগম দেখেই সম্ভবত সরকারি নানা কর্মসূচিতে তহবিল বাড়ানোর জন্য ধনীদের ওপর কর বাড়ানোর চিন্তা ওবামার মাথায় এসেছে।
ওদিকে, ওবামাও পাল্টা বক্তব্যে রমনির সম্পদ নিয়ে রসিকতা করেন। ম্যানহাটনে সবচেয়ে ব্যয়বহুল মিডটাউন শপিং সেন্টারের কথা উল্লেখ করে ওবামা বলেন, তিনি বুঝতে পেরেছেন যে, রমনি ওই সব দোকানে কেনাকাটা করতে যান।
আগামী সপ্তাহেই ওবামা এবং রমনি আবার নতুন করে তর্কযুদ্ধে মুখোমুখি হবেন। কিন্তু তার আগেও বৃহস্পতিবারের ওই নৈশভোজে এক টেবিলে একে অপরের কাছাকাছিই বসেন। তাদের দুজনের মধ্যে উপবিষ্ট ছিলেন নিউ ইয়র্কের আর্চবিশপ কার্ডিনাল টিমোথি ডোলান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৭০০ঘ.
bdnews24