ওয়াশিংটন, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে গাড়িবোমা হামলায় এক সিআইএ কর্মকর্তা ও মার্কিন সেনা গোয়েন্দাবাহিনীর এক বিশ্লেষক নিহত হয়েছেন।
নামপ্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বুধবার এ তথ্য জানান।
গত শনিবার আফগানিস্তানের কান্দাহার প্রদেশে চালানো ওই হামলায় বেশ কয়েকজন আফগান নাগরিকও নিহত হয়েছেন।
তবে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী এখনো নিশ্চিত হতে পারেনি, আফগান বাহিনীর কেউ এই হামলাটি চালিয়েছে কিনা। এ ব্যাপারে তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করেছে মার্কিন সেনা বাহিনী। তিনি হলেন ২৪ বছর বয়সী সেনা গোয়েন্দা বিশ্লেষক ব্রিটানি গর্ডন। নিহত অপর মার্কিনির পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
তবে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নিহত মার্কিন নাগরিক একজন সিআইএ কর্মকর্তা।
অবশ্য সিআইএ এই তথ্য প্রত্যাখ্যান করেছে।
বেশকিছুদিন ধরে আফগান বাহিনীর ভেতরে থাকা তালেবান মতাদর্শিক কোনো কোনো সেনা সদস্য মিত্র বিদেশি বাহিনীর সদস্যদের ওপরই অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি সেনা এ ধরনের অভ্যন্তরীণ হামলা প্রাণ হারিয়েছেন।
অভ্যন্তরীণ এই হামলার ঘটনা নিয়ে বেশ চাপের মুখে রয়েছে আফগানিস্তানে নিয়োজিত বিদেশি বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৩ ঘ.
bdnews24