২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বোমা হামলার ‘পরিকল্পনায়’ বাংলাদেশি যুবক

গ্রেপ্তার নাফিসের বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও আল কায়েদাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। লাবলু আনসার জানাচ্ছেন নিউ ইয়র্ক থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 03:01 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

লাবলু আনসার নিউ ইয়র্ক, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও এফবিআই। বুধবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১) নামের ওই বাংলাদেশির বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও জঙ্গি সংগঠন আল কায়েদাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এফবিআই বলছে, স্থানীয় সময় বুধবার সকালে (বাংলাদেশে বুধবার সন্ধ্যা) ম্যানহাটানে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সামনে ‘বিস্ফোরকভর্তি’ ভ্যান দাঁড় করিয়ে নাফিস পাশের মিলেনিয়াম হিল্টন হোটেলে যান। সেখান থেকে তিনি ভ্যানে রেখে আসা সেলফোনে বার বার কল দিতে থাকেন এক হাজার পাউন্ড (৪৫৪ কোজি) বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানোর জন্য। কিন্তু ভ্যানে সত্যিকারের বিস্ফোরক না থাকায় সেটি আর ফাটেনি বলে জানিয়েছে এফবিআই। নিউ ইয়র্ক পুলিশ বলছে, নাফিস আসলে এফবিআইয়ের পাতা ফাঁদে পা দেন। তার ওপর নজর রাখা হচ্ছিল গত জুলাই থেকেই। ভ্যানটি চালিয়ে আসার সময় যে লোকটি তার পাশে ছিলেন, তিনি আসলে এফবিআইয়ের একজন কর্মকর্তা, যাকে নাফিস চিনতে পারেননি। নাফিসের গ্রেপ্তারের খবর পেয়ে ঢাকায় তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশের গোয়েন্দারা। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। ব্রুকলিন ফেডারেল কোর্টে নাফিসের বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষা ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন নাফিস। আল কায়েদা নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট এই যুবক সন্ত্রাসী হামলা চালানোর জন্য বিশ্বস্ত লোক খোঁজা শুরু করার পর গত জুলাইয়ে এফবিআইয়ের নজরে পড়েন। মামলার এজাহারে বলা হয়েছে, নাফিস এমন পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন, যাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তছনছ হয়ে যায়। প্রথমে তিনি চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে হত্যা করতে। এরপর তিনি রিজার্ভ ব্যাংক, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও বাল্টিমোরে সামরিক স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেন। এতে বলা হয়, নাফিসের পরিকল্পনার কথা জানতে পেরে সহযোগী সেজে এফবিআই কর্মকর্তারাই তাকে ২০ ব্যাগ ‘নকল’ বিস্ফোরক সরবরাহ করেন, যাতে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা যায়। এফবিআই ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীবিরোধী কর্তৃপক্ষ পরিচালিত কথিত এই ‘স্টিং অপারেশন’ এর বিষয়ে নিউ ইয়র্ক পুলিশের কমিশনার রে কেলি সাংবাদিকদের বলেন, “আমাদের অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। আর আমি আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি যে, আমাদের চোখ কান খোলা আছে।” হোয়াইট হাউজের মুখপাত্র জে কারনে সাংবাদিকদের জানান, এই হামলা পরিকল্পনা ও গ্রেপ্তারের বিষয়টি ইতোমধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। বুধবার গ্রেপ্তারের পরপরই নাফিসকে ব্রুকলিনের ফেডারেল আদালতে হাজির করা হয়। বাদামী রঙের টি শার্ট ও জিন্স পরিহিত এই ‘বাংলাদেশিকে’ শুনানিতে খুবই কম বলতে দেখা যায়। ম্যাজিস্ট্রেট রোয়ান্নে মানের বিভিন্ন প্রশ্নের জবাবে আমতা আমতা করে কয়েকবার ‘হ্যাঁ’ বলেন তিনি। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল কায়েদাই যে নাফিসকে পরিচালনা করেছে- এমন অকাট্য কোনো প্রমাণ এফবিআই কর্মকর্তারা এখনো পাননি। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে মোমেন জানিয়েছেন, নাফিস নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় বসবাস করতেন বলে তারা জানতে পেরেছেন। তার সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছেন তারা। নাফিস আসলেই বাংলাদেশি কি না- তা নিশ্চিত নন জানিয়ে তারা বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন তারা। আকরামুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিডিয়ায় বাংলাদেশের নাম ফলাও করে প্রচার হচ্ছে। আমরা স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ করেছি গ্রেপ্তার যুবকের বাবার নাম ও বাড়ির ঠিকানা জানার জন্য। সে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিল, তাও জানতে চাওয়া হয়েছে।” “আমাকে আগে নিশ্চিত হতে হবে যে সে কোন দেশের নাগরিক, কী তার জাতীয়তা? বাংলাদেশের পাসপোর্ট বহন করলেই বাঙালি হবে- এমন নাও হতে পারে। রোহিঙ্গারাও নানা প্রক্রিয়ায় বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করছে,” বলেন রাষ্ট্রদূত। তবে ঢাকার গোয়েন্দা পুলিশের বক্তব্যে স্পষ্ট, নাফিস বাংলাদেশিই। তার বাবা বাবা কাজী মো. আহসান উল্লাহ ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তাদের কাছ থেকে পুলিশ জেনেছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নাফিস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তাদের বাসা ঢাকার যাত্রাবাড়িতে। নাফিসের গ্রেপ্তারের ঘটনায় নতুন করে অস্বস্তিতে পড়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বাংলাদেশি-আমেরিকানদেরও নানা ধরনের ধকল পোহাতে হয়। এরপর জর্জিয়ায় দুটি সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যান এহসানুল ইসলাম সাদেকী ও মোশারফ হোসেন নামের দুই বাংলাদেশি। বুধবার ম্যানহাটানে নাফিস গ্রেপ্তার হওয়ার পর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এটিই সবচেয়ে আলোচিত খবর হয়ে ওঠে। সেই সঙ্গে বাংলাদেশের নাম উঠে আসায় নতুন করে শঙ্কা তৈরি হয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। মার্কিন কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান পিটার কিং স্থানীয় সাংবাদিকদের বলেন, “কাজী নাফিস গ্রেপ্তার হওয়ার ঘটনায় আবারো প্রমাণিত হল যে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র এখনো যুক্তরাষ্ট্রে মারাত্মক আঘাত হানার ষড়যন্ত্রে লিপ্ত।” জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাফিস যদি বাঙালি হয়েও থাকে, তবে সেটি বিচ্ছিন্ন একটি ঘটনা। বাংলাদেশের মানুষ এবং সরকার কখনোই সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমআই/২১১৪ ঘ.