ব্লেইন, ওয়াশিংটন, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের এক সীমান্তরক্ষী কর্মকর্তাকে গুলিতে আহত করার পর নিজেই আত্মহত্যা করেছে এক বন্দুকধারী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্য ও কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের প্রধান সীমান্ত পারাপারে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
একটি ভ্যানের ভিতর থেকে ওই বন্দুকধারী গুলিবর্ষণ করে বলে জানিয়েছে কানাডীয় কর্তৃপক্ষ।
গুলিবর্ষণকারীর ভ্যানটিতে ওয়াশিংটন রাজ্যের লাইসেন্স প্লেট লাগানো ছিল বলে জানা গেছে। অত্যন্ত ব্যস্ত এই সীমান্তের ‘পিস আর্ক’ ক্রসিংয়ে কানাডীয় নিরাপত্তা বুথের সামনে গাড়ি ঘুরিয়েই ওই নারী কর্মকর্তার হাঁটুতে গুলি করে সে।
হেলিকপ্টারে করে গুরুতর আহত ওই কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলেই বন্দুকধারী আত্মহত্যা করে বলে জানিয়েছে কানাডীয় পুলিশের মুখপাত্র কর্পোরাল ব্রেট প্যাকুয়েট।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবরণের মাধ্যমে ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন।
ঘটনা তদন্তে ব্রিটিশ কলম্বিয়া রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওয়াশিংটন রাজ্যের গভর্নর ক্রিস গ্রেগরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১২ ঘ.
bdnews24