২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় তর্কযুদ্ধে আক্রমণাত্মক ওবামা

দ্বিতীয় দফা বিতর্কে কর্মসংস্থান, খনিজ সম্পদ ও লিবিয়া পরিস্থিতি নিয়ে তুমুল বিতর্ক হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনির মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 03:57 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফা বিতর্কে কর্মসংস্থান, খনিজ সম্পদ ও লিবিয়া পরিস্থিতি নিয়ে তুমুল বিতর্ক হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনির মধ্যে। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের তিন সপ্তাহ আগে মঙ্গলবার দ্বিতীয় দফা সরাসরি তর্কযুদ্ধে অবতীর্ণ হন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী রমনি। বিতর্ক চলকালে ওবামাকে বেশ কয়েকবারই প্রতিদ্বন্দ্বীর প্রতি আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা যায়। এদিন ওবামাকে আগেরবারের চেয়ে বেশ তীক্ষè ও সপ্রতিভ বলে মনে হয়। নিউ ইয়র্কের হফস্ট্রা ইউনিভার্সিটির হলরুমে দুই প্রেসিডেন্ট প্রার্থীর এই বিতর্ক টেলিভিশনে সরাসরি স¤প্রচার করা হয়। হলরুমের দর্শক-সারিতে উপস্থিত ৮২ জন ভোটার দেশের আভ্যন্তরীণ বিষয় ও পররাষ্ট্রনীতি নিয়ে দুই প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান। গত মাসে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে জঙ্গি হামলায় রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনসসহ চার মার্কিন নাগরিক নিহতের ঘটনা ওবামা প্রশাসন যথাযথ গুরুত্বের সঙ্গে নেয়নি বলে অভিযোগ করেন রমনি। এর জবাবে ওবামা বলেন, “আমি-ই প্রেসিডেন্ট এবং সব সময় দায় আমার।” লিবিয়ার ঘটনাকে সন্ত্রাসবাদের কাতারে ফেলা যায় কি না- তা নিয়েও বিতর্ক হয় দুজনের মধ্যে। ওবামার আর্থিক নীতির সমালোচনা করে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রমনি বলেন, “গত চার বছরে মধ্যবিত্ত শ্রেণী ধ্বংস হয়ে গেছে। কর্মসংস্থানের সুযোগও তেমন সৃষ্টি হয়নি।” জবাবে ওবামা বলেন, “এই অর্থনীতিকে চালিয়ে নিতে কী করতে হয়েছে তা আমি জানি। নতুন করে বহু মানুষের কাজের ব্যবস্থা করতে কী করতে হয়েছে- তাও আমারই জানা।” ওবামা বারবার অভিযোগ করেন, রমনি তার নীতি নিয়ে কথা বলতে গিয়ে অসত্য প্রচার করছেন এবং তিনি যে অর্থনৈতিক প্রস্তাব তুলে ধরেছেন, তাতে মধ্যবিত্ত শ্রেণীকে শুষে নিয়ে বিত্তবানদের স্বার্থ রক্ষা করা হবে। রমনি বিতর্কে খনিজ সম্পদ নিয়ে ওবামাকে ঘুরেফিরে একটি প্রশ্ন করেন বেশ কয়েকবার। তিনি জানতে চান, ওবামার আমলে যুক্তরাষ্ট্রে খনিজ সম্পদ অনুসন্ধানের লাইসেন্স ও অনুমোদন কমে এসেছে কি না। দুই সপ্তাহ আগে প্রথম দফা বিতর্কে রক্ষণাত্মক থাকায় সমালোচনার মুখে পড়তে হয় বর্তমান প্রেসিডেন্টকে। আর ওই বিতর্কে এগিয়ে গিয়ে জনমত জরিপে ব্যবধান কমিয়ে আনেন রমনি। মঙ্গলবারের এই বিতর্কের আগে প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা যায় ৪৬ শতাংশ অংশগ্রহণকারী ওবামার পক্ষে এবং ৪৩ শতাংশ রমনির পক্ষে কথা বলেছেন। তবে গ্যালাপ/ইউএসএ টুডের জনমত জরিপে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১২টি স্টেটে ওবামার চেয়ে চার শতাংশ বেশি মানুষের সমর্থন পেয়েছেন রমনি। বিতর্কে রমনিকেও মাঝেমধ্যে আক্রমণাত্মক দেখা গেলেও ওবামার প্রশ্নের জবাব দিতে সঞ্চালকের কাছে বারবার সময় চাইতে দেখা যায় তাকে। আগামী ২২ অক্টোবর তৃতীয় ও শেষবারের মতো নির্বাচনপূর্ব বিতর্কে মুখোমুখি হবেন দুই প্রার্থী। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে দেখা যায়, চূড়ান্ত ভোটের লড়াইয়ে এই টেলিভিশন বিতর্কে জয়-পরাজয়ের প্রত্যক্ষ প্রভাব থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১১২০ ঘ.