লন্ডন, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম নারী হিসেবে দ্বিতীয়বার সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার বুকার জয় করলেন যুক্তরাজ্যের সাহিত্যিক হিলারি ম্যানটেল। ‘ব্রিং আপ দ্য বডিস’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার জয় করেন।
২০০৯ সালে তার ‘উলফ হল’ গ্রন্থের জন্য প্রথমবার বুকার জয় করেছিলেন তিনি। ‘ব্রিং আপ দ্য বডিস’ ‘উলফ হল’ উপন্যাসের সিকোয়াল।
এরআগে দক্ষিণ আফ্রিকার লেখক জে এম কোয়েতজি ও অস্ট্রেলিয়ার লেখক পিটার কেরি দুই বার বুকার জয় করার গৌরব অর্জন করেছেন।
বুকার পুরস্কার কমিটির চেয়ারম্যান পিটার স্টোথার্ড ম্যানটেলকে মহত্তম আধুনিক ইংলিশ গদ্য লেখক আখ্যা দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ইতিহাসনির্ভর উপন্যাসের যে শিল্প তাকে তিনি নতুন রূপ দিয়েছেন।
২০০৯ সালে প্রথমবার ৮০ হাজার ডলার মূল্যের বুকার জয়ী ফিকশন ‘উলফ হল’ ষোড়শ শতকের রাজা অষ্টম হেনরির উপদেষ্টা টমাস ক্রমওয়েলের জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়।
পুরস্কার গ্রহণ করার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ঠাট্টা করে ম্যানটেল বলেন, “আমি ঠিক জানি না, আপনি ২০ বছর একটি বুকার পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা করে দুইবার তা পেয়ে গেলেন।” অর্থাৎ এর অনুভূতি কী হতে পারে এ বিষয়ের দিকেই ইঙ্গিত করেছেন ম্যানটেল।
হিলারি ম্যানটেল তৃতীয় বারের মতোও বুকার জয় করতে পারেন তার মহাকাব্যিক ত্রয়ী উপন্যাসের শেষ খণ্ডের জন্য। ‘দ্য মিরর অ্যান্ড দ্য লাইট’ নামে ওই উপন্যাসটি ২০১৫ সালে প্রকাশিত হবে।
তবে এ সম্ভাবনা খারিজ করে দিয়েছেন স্বয়ং হিরারি ম্যানটেল নিজেই। তিনি দর্শক ও মনোনয়ন পাওয়া অপর লেখকদের উদ্দেশ্যে বলেন, “আমার ত্রয়ী উপন্যাসের তৃতীয় ও শেষখণ্ড লেখার জন্য আমাকে আবার লেখালেখিতে ফিরতে হবে। আমি নিশ্চয়তা দিচ্ছি, ওই উপন্যাসের জন্য আমি এখানে আবারও দাঁড়াবো, এ ধরনের কোনো প্রত্যাশা বা আকাক্সক্ষা আমার নেই।”
এ বছর বুকার জয় করা ‘ব্রিং আপ দ্য বডিস’ ফিকশনটি হারপার কলিন্স থেকে প্রকাশিত হয়।
হিলারি ম্যানটেল ১৯৫২ সালের ৬ জুলাই ইংল্যান্ডের ডার্বিশায়ারের গ্লোসপ-এ জন্মগ্রহণ করেন। তিন ভাইবোনের মধ্যে তিনি বড়। রোমান ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের শুরু। পূর্বসূরীরা আইরিশ হলেও তাঁর বাবা হেনরি থম্পসন ও মার্গারেট ইংল্যান্ডেই জন্মগ্রহণ করেছেন।
১১ বছর বয়সেই বাবা-মার মধ্যে বিচ্ছেদ ঘটলে হিলারি অতঃপর তাঁর সৎবাবা জ্যাক ম্যানটেল-এর পদবি গ্রহণ করে হয়ে যান হিলারি ম্যানটেল। হিলারির ফিকশনগুলোতে তাঁর পারিবারিক জীবনের ভাঙ্গন-গড়নের প্রভাব রয়েছে। তাঁর স্মৃতিকথার ঢং-এ লেখা ‘গিভিং আপ দ্য ঘোস্ট’ বইতে এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
১৯৭০ সালে হিলারি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স-এ আইন বিষয়ে পড়ার জন্য ভর্তি হন। এখান থেকে তাঁকে ইউনিভার্সিটি অব শেফিল্ড-এ ট্রান্সফার করা হলে সেখান থেকেই ১৯৭৩ সালে জুরিসপ্র“ডেন্স এ ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। গ্রাজুয়েশন সম্পন্ন করার পর তিনি একটি হাসপাতালের সমাজকর্ম বিভাগে কাজ করেন।
তিনি ১৯৭২ সালে বিয়ে করেন। তাঁর স্বামীর নাম গ্যারাল্ড ম্যাকইউয়েন, একজন জিওলজিস্ট। ১৯৭৭ সালে স্বামীর চাকরিসূত্রে হিলারি বতসোয়ানায় পাড়ি জমান। সেখান থেকে চারবছরের জন্য চলে যান সৌদি আরবের জেদ্দায়।
ইংল্যান্ডে ফিরে আসার পর হিলারি ম্যানটেল ইংল্যান্ড ও আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকায় চলচ্চিত্র সমালোচনা লেখা শুরু করেন। সৌদি থাকাকালীন হিলারি লেখেন ‘সামওয়ান টু ডিসটার্ব’। হিলারি ম্যানটেল-এর প্রথম উপন্যাস ‘এভরি ডে ইজ মাদার’স ডে’ ১৯৮৫ সালে প্রকাশিত হয়। পরেব বছরেই ঐ বইয়ের অপর খণ্ড ‘ভ্যাকেন্ট পজেশন’ প্রকাশ পায়।
সৌদি আরবের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হিলারি লেখেন, ‘এইট মান্থস অন গাজা স্ট্রিট’। এটি ১৯৮৮ সালে প্রকাশিত হয়। ইসলাম ও পশ্চিমের উদার মূল্যবোধের মধ্যে যে বিরোধ তার উদ্বেগকে উপজীব্য করে লেখা উপন্যাসটি।
১৯৮৯ সালে প্রকাশিত হয় ‘ফ্লুড’ উপন্যাস। এটির জন্য তিনি একাধিক পুরস্কার অর্জন করেন। ১৯৯৩ সালে প্রকাশিত হয় ‘অ্যা প্লেস অব গ্রেটার সেফটি’। উপন্যাসটির জন্য ‘সানডে এক্সপ্রেস বুক অব দ্য ইয়ার পুরস্কার পান।
১৯৯৫ সালে প্রকাশিত ‘অ্যান এক্সপেরিমেন্ট ইন লাভ’ উপন্যাসের জন্য হথ্রনডেন পুরস্কার পান। ২০০৩ সালে ম্যানটেল তাঁর স্মৃতিকথা ‘গিভিং আপ দ্য ঘোস্ট’ প্রকাশ করেন যা ‘মাইন্ড’র বর্ষসেরা বই পুরস্কার জয় করে। একই বছর তাঁর ছোটগল্প সংকলন ‘লার্নিং টু টক’ প্রকাশিত হয়।
২০০৫ সালে প্রকাশিত হয় তাঁর ‘বিয়ন্ড ব্লাক’ যা অরেঞ্জ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪২ ঘ.
bdnews24