২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনে, পিকাসোর চিত্রকর্ম চুরি

নেদারল্যান্ডের একটি জাদুঘর থেকে পাবলো পিকাসো, আঁরি মাতিস, ক্লদ মনে ও অন্যান্য বিখ্যাত আধুনিক শিল্পীদের আঁকা ৭টি চিত্রকর্ম চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

আমস্টারডাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেদারল্যান্ডের একটি জাদুঘর থেকে পাবলো পিকাসো, আঁরি মাতিস, ক্লদ মনে ও অন্যান্য বিখ্যাত আধুনিক শিল্পীদের আঁকা ৭টি চিত্রকর্ম চুরি হয়েছে। এছাড়া রটারড্যামের কুন্সথাল জাদুঘর থেকে পল গগাঁ, লুসিয়ান ফ্রয়েড ও মাইয়ার দি হানেরও চিত্রকর্ম চুরি হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ডাচ পুলিশ। পুলিশ বা জাদুঘর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে চুরি যাওয়া শিল্পকর্মগুলোর দাম নির্ধারণ করতে পারেনি। তবে এ চুরি সা¤প্রতিক বছরগুলোতে শিল্পজগতের সবচেয়ে নাটকীয় ঘটনা। শিল্পকর্মগুলোর দাম লাখ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। চুরি যাওয়া চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে: পাবলো পিকাসোর ‘তেতে দারলিকি’; আঁরি মাতিসের ‘লা লেইসে ব্লা এই জুন’; ক্লদ মনের ‘ওয়াটারলু ব্রিজ,লন্ডন ও চেয়ারিং ক্রসব্রিজ,লন্ডন; পল গগাঁর ‘ফাম দ্যোভাঁ উন ফেনেত্র উর্ভ্যাত দিত লা; মাইয়ার দি হানের ‘অটোপোরট্রেইট’ এবং লুসিয়ান ফ্রয়েডের ‘উইম্যান উইথ আইস ক্লেজড’। কুন্সথাল জাদুঘরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কয়েকদিন আগে শুরু হওয়া প্রদর্শনীর জন্য কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের শিল্পকর্ম, আলোকচিত্র, ভাষ্কর্য, নকশা ও ফ্যাশনসামগ্রী বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছিল। চুরি যাওয়া শিল্পকর্মগুলোও তাদের নিজস্ব সংগ্রহের নয়। স্থানীয় সময় রাত তিনটায় চুরির ঘটনা ঘটে। ওইসময় সতর্কসংকেত শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চোর পালিয়ে যায় বলে জানিয়েছে বিবিসি। জাদুঘরটির সাবেক নির্বাহি প্রধান নেদারল্যান্ডের সরকারি রেডিও স্টেশন ‘রেডিও ওয়ান’কে বলেছেন, প্রদর্শনীর ১৫০টির বেশি চিত্রকর্ম বেসরকারি ট্রিটন ফাউন্ডেশন থেকে আনা হয়েছিল। এগুলোর মধ্যে অনেকগুলোর দাম লাখ লাখ ইউরো বা তার চেয়ে বেশি বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/২৩২৫ ঘ.