২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের সঙ্গে যোগ দিয়েছে ইরাকি শিয়া জঙ্গিরা

সিরিয়ার লড়াইয়ে যোগ দিয়েছে দলে দলে শিয়া জঙ্গি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের সঙ্গে যোগ দিয়েই মূলত লড়ছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

বাগদাদ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার লড়াইয়ে যোগ দিয়েছে দলে দলে শিয়া জঙ্গি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের সঙ্গে যোগ দিয়েই মূলত লড়ছে তারা। ইরানের সর্বোচচ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনির প্রতিও তারা আনুগত্য প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে সিরিয়া সঙ্কট অতিদ্রুতই আসাদের প্রধান মিত্রদশ শিয়া ইরান এবং এর বিপরীতে সুন্নি বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাওয়া আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যকার লড়াইয়ে রূপ নেয়ার আভাস স্পষ্ট হয়ে উঠছে। সিরিয়া সংঘাতে অঞ্চলজুড়ে সরকারবিরোধী বিদ্রোহীদের ইতোমধ্যেই সমর্থন দিয়েছে অসংখ্য সুন্নি যোদ্ধা। অন্যদিকে, লেবাননের শিয়া যোদ্ধারা মাঠ পর্যায়ে আসাদের সেনাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করছে সিরিয়ার বিদ্রোহীরা। ইরানের আয়াতুল্লাহ আলি খামেনির অনুসারী শিয়া যোদ্ধারা সিরিয়ার গণআন্দোলনে শিয়াদের প্রভাব হুমকির মুখে আছে বলেই মনে করে। আর সেখানে লড়াইরত ইরাকি শিয়ারা ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষের প্রতি তাদের আনুগত্যের কারণে আসাদকে সহায়তা করাটা তাদের কর্তব্য মনে করে। লড়াইরত এই শিয়া ইরাকিদের মধ্যে আছে ইরাকের যুক্তরাষ্ট্রবিদ্বেষী ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের মেহদি আর্মি, ইরান-সমর্থিত বদর গ্র“প, আসাইব আল-হক এবং কাতাইব হিজবুল্লাহ গ্র“পের দলছুট সদস্য ও সাবেক যোদ্ধারা। লড়াইরত কিছু কিছু ইরাকি জঙ্গি মেহদি আর্মির সাবেক যোদ্ধা; যারা ২০০৭ সালে ইরাকি বাহিনীর অভিযানে দল ছত্রভঙ্গ হওয়ার পর সিরিয়ায় আশ্রয় নিয়েছিল। আর অন্যরা খামেনির অনুগত যোদ্ধা যারা স¤প্রতি সিরিয়ায় গেছে। ইরাকের রক্ষীবাহিনী, শিয়া জঙ্গি ও রাজনীতিবিদরা একথা জানিয়েছে। ৫শ’ ইরাকি, সিরীয় ও অন্যান্য দেশের নাগরিকদের নিয়ে গঠিত হয়েছে আবু আল ফাদহাল আল আব্বাস ব্রিগেড। তবে সিরিয়ায় লড়াইরত ইরাকি জঙ্গিরা তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা ইরাকের শিয়া নেতৃত্বধীন সরকারের কাছ থেকে কোনোরকম অনুমতি ছাড়াই কাজ করছে বলে জানিয়েছেন রাজনীতিবিদরা। শিয়া জঙ্গিদের যোগদানে আসাদের হাত শক্তিশালী হলেও এখন এর বিপরীতে সিরিয়ার সরকার-বিরোধী বিত্রোহীরাও একজোট হয়ে শক্তিশালী হওয়ার চেষ্টা নিচ্ছে বলে খবর পাওয়া গেছে মঙ্গলবার। আসাদকে উৎখাত করতে সিরিয়ার দ্বিধাবিভক্ত বিদ্রোহীরা তাদের বিদেশি সমর্থকদের পরামর্শে একটি যৌথ নেতৃত্ব গড়তে রাজি হয়েছে। সিরিয়ার বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি’সহ অন্যান্য বিদ্রোহীরা রোববার এক বৈঠকে সঙ্ঘবদ্ধ হওয়ার চুক্তি করেছে। এ চুক্তি এখন সই হওয়ার অপেক্ষায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৪৩ঘ.