জেরুজালেম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের পার্লামেন্ট আগামী বছর ২২ জানুয়ারি আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করেছে।
৮ ঘণ্টার বিতর্কের পর ১০০-০ ভোটে নির্বাচনের ওই তারিখ নির্ধারণ করেন আইনপ্রণেতারা। ভেঙে দেয়া হয় পার্লামেন্টও।
এর আগে এক ভাষণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইনপ্রণেতাদেরকে ২২ জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করার পদক্ষেপকে সমর্থন করার আহ্বান জানান।
তিনি বলেন, ২০১৩ সালের বাজেট নির্ধারণে সরকারের শরিকদের সঙ্গে একমত হওয়া নিয়ে সমস্যার কারণে আগাম নির্বাচন হওয়া জরুরি।
এ নির্বাচনে নেতানিয়াহু সহজেই জয় পাবেন বলে মনে করা হচ্ছে । আর তার জোট সরকারও এখনকার চেয়ে হতে পারে আরো বড়। এমন আভাসই পাওয়া যাচ্ছে জরিপে।
স¤প্রতি পরিচালিত জরিপে দেখা গেছে, পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির এখনকার ২৭ আসনের চেয়ে বেশি ২৯ আসন পাওয়া সম্ভাবনা আছে। আর লিকুদের দুই ঘোর প্রতিদ্বন্দ্বী মধ্যবাম লেবার পার্টি এবং নতুন আরেকটি দল পেতে পারে ১৭ আসন।
তাছাড়া, বর্তমানের ৬৬ আসনের চেয়ে বেশি ৬৮ আসন নিয়ে আরো বড় জোট সরকারও হতে পারে নেতানিয়াহুর। এমনই আভাস পাওয়া গেছে হারেজ পত্রিকার এক জরিপে।
ইসরায়েলে এ মাসের শুরুর দিকে আগাম নির্বাচনের ঘোষণা দেন নেতানিয়াহু। নির্বাচনের নির্ধারিত সময় ছিল আগামী বছরের অক্টোবরে। কিন্তু তা এগিয়ে এনে জানুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নিলেন নেতানিয়াহু।
ইরানে কয়েক মাসের মাসের মধ্যেই হামলা চালানোর ইঙ্গিত দেয়ার পর নিজের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতেই নেতানিয়াহু এ পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
টেলিভিশনে এক ভাষণে নেতানিয়াহু বলেন, ২০১৩ সালের বাজেট সংকোচনের প্রস্তাবে তার জোট সরকারের অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিরোধের কারণেই আগাম নির্বাচন ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫০৫ঘ.
bdnews24