ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালালা ইফসুফজাইয়ের হামলাকারীকে ধরিয়ে দেয়ার জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ ঘোষণা দিয়েছেন বলে মঙ্গলবার এনডিটিভির এক খবরে বলা হয়।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে রেহমান মালিক বলেন, “এই হামলার পরিকল্পনা আফগানিস্তানে হয়েছিল। মালালাকে হামলার আগ পর্যন্ত আমরা জানতাম না তাদের প্রকৃত উদ্দেশ্য কী এবং তারা কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে।”
এ ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা গেছে এবং তার কয়েকজন সহযোগী গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি।
তেহরিক-ই তালিবান এ হামলা চালিয়েছে দাবি করে সংগঠনটির নেতাকে ধরিয়ে দেয়ার জন্য দশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন তিনি।
গত মঙ্গলবার পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান হামলায় মাথায় গুলিবিদ্ধ হন ১৪ বছরের এই প্রতিবাদী কিশোরী।
উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। আঘাত সামলে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সেখানকার চিকিৎসকরা।
সোয়াত উপত্যকায় মেয়েদের স্কুলে যাওয়ার উপর তালেবান নিষেধাজ্ঞা আরোপ করলে এর বিরুদ্ধে প্রচারাভিযান চালায় মালালা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩২২ ঘ.
bdnews24