ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় কিংবদন্তীতুল্য ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’য় ভূষিত করার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
অস্ট্রেলিয়ার নাগরিক বা অন্য কোনো ব্যক্তি যার অনন্য সেবা মানবজাতি ও অস্ট্রেলিয়াকে উপকৃত করেছে, এমন সব ব্যক্তিদের কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মান দিয়ে থাকে অস্ট্রেলিয়া। দেশটির রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯৭৫ সালে এ পুরস্কার দেয়া শুরু করেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, অর্ডার অব অস্ট্রেলিয়ার ছয়টি ধাপের মধ্যে ‘মেম্বার অব অর্ডার অব অস্ট্রেলিয়া’ তে (এএম) ভূষিত করা হবে ক্রিকেটের বরপুত্র শচিনকে।
বিদেশি কোনো ক্রিকেটারকে এ সম্মানে ভূষিত করার বিষয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, “শচীন বিশেষ কেউ।”
ভারত সফরের সময় শচীনের হাতে পুরস্কারটি তুলে দেবেন অস্ট্রেলিয়ার শিল্পকলা বিষয়ক মন্ত্রী সিমনো ক্রিন।
বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন শচীন।
শচীন সম্প্রতি ভারতীয় পার্লামেন্টের সদস্যও নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২১৭ ঘ.
bdnews24