লিমা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন।
১১ সেপ্টেম্বরের বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার মার্কিনি নিহত হন।
এ ঘটনা ঠেকাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিষয়টি জোড়ালো ইস্যু হিসেবে দেখা দিয়েছে।
সোমবার পেরু সফরকালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, “এই ব্যর্থতার দায় আমার।”
প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার জন্য দায়ী নন বলেও এ সময় হিলারি মন্তব্য করেন।
হিলারি বলেন, “বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৬০ হাজারেরও বেশি জনবলের দায়িত্ব আমার।”
“প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপত্তা কর্মকর্তাদের নেওয়া সুনির্দিষ্ট সিদ্ধান্তসমূহ সম্পর্কে অবগত নন। তারা কখনো কখনো গুরুত্বপূর্ণ হুমকি ও ঝুঁকি সম্পর্কে সিদ্ধান্ত বিবেচনা করে থাকেন”, বলেন হিলারি।
বেনগাজি হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ওবামা প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা ধীরে ধীরে জোড়ালো হচ্ছিল। রিপাবলিকান প্রার্থী মিট রমনি ৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই বিষয়টিকে ইস্যু করে ওবামার পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন।
বেনগাজি দূতাবাসে হামলার পরপরই প্রাথমিক ভাবে বিষয়টিকে ইসলাম ধর্মকে অবমাননা করে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে হামলা বলে অভিহিত করে এটি পূর্বপরিকল্পিত নয় বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র।
ওবামা ও অন্যান্য কর্মকর্তারা তখন থেকেই একে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেন।
হিলারি তার সাক্ষাৎকারে বলেন, “যে বিষয়টি আমি এড়াতে চাই সেটি হচ্ছে, রাজনৈতিক অপবাদ, যা এই মুহূর্তে চলছে।”
রমনি অভিযোগ করেছেন, ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রের কূটনীতিককে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং হামলার ধরন সম্পর্কে ভুল ব্যাখ্যা উপস্থাপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৬ ঘ.
bdnews24