ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলিম বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তির পরিকল্পনার অংশ হিসেবে মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সঙ্গে চুক্তি সই করেছে ফিলিপাইনের সরকার।
৪০ বছরের বিদ্রোহ অবসানে দীর্ঘ আলোচনার পর এই চুক্তি সই হয় বলে বিবিসি জানিয়েছে।
চলতি মাসের প্রথম দিকে মালয়েশিয়ায় আলোচনার মাধ্যমে এই চুক্তির লক্ষ্যে সমঝোতায় পৌঁছে ফিলিপাইন সরকার ও বিদ্রোহী পক্ষ।
দেশটিতে দীর্ঘ বিদ্রোহের ফলে সহিংসতায় ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
চুক্তির আওতায় ফিলিপাইনের দক্ষিণাংশে মূলত ক্যাথলিক জাতিসত্ত্বার ভূখণ্ডে সংখ্যা গরিষ্ঠ মুসলিম অধ্যুষিত অঞ্চলে স্বায়ত্বশাসন দেওয়া হচ্ছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ও বিদ্রোহীদের নেতা মুরাদ এব্রাহিমের উপস্থিতিতে শান্তি পরিকল্পনার লক্ষ্যে সরকার পক্ষের শীর্ষ সমঝোতাকারী ও বিদ্রোহীদের প্রতিনিধির মধ্যে চুক্তি সই হয়।
প্রেসিডেন্ট অ্যাকুইনো ও বিদ্রোহী নেতা মুরাদ পরস্পরের মধ্যে উপহার বিনিময় করেন। এ সময় সঙ্গীত বাজানো হয়।
৬০ বছর বয়সী মুরাদই প্রথম এমআইএলএফ নেতা যিনি প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শন করলেন।
এই সমঝোতায় সহায়তাকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকও এ সময় উপস্থিত ছিলেন।
এক সপ্তাহ আগে এই চুক্তির ঘোষণা দানকারী প্রেসিডেন্ট অ্যাকুইনো সতর্ক করে বলেছেন, এখনো অনেক কাজ বাকি রয়েছে।
২০১৬ সালে অ্যাকুইনোর মেয়াদ শেষ হওয়ার আগেই শান্তিচুক্তি বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৬ ঘ.
bdnews24