রসওয়েল (নিউ মেক্সিকো), অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম স্কাইডাইভার হিসেবে শব্দের চেয়েও বেশি গতিতে নেমে এসেছেন অস্ট্রিয়ার ফেলিক্স বোমগার্টনার। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর ৩৯ কিলোমিটার ওপরে বেলুন থেকে লাফিয়ে ভেঙেছেন সবচেয়ে উঁচু থেকে ঝাঁপ দেওয়ার রেকর্ডও।
রোববার নিউ মেক্সিকোর আকাশে একটি বেলুন থেকে লাফিয়ে পড়েন ৪৩ বছর বয়সি ফেলিক্স। পৃথিবীতে নামার এক পর্যায়ে পড়ন্ত ফেলিক্সের গতি পৌঁছায় ঘণ্টায় ১ হাজার ৩৪২ কিলোমিটারে।
২০ ডিগ্রি সে. তাপমাত্রায় বাতাসে শব্দের গতি ঘণ্টায় ১ হাজার ২৩৬ কিলোমিটার।
বেলুনের ১১ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রস্থের ফাইবার গ্লাসের একটি ক্যাপসুল থেকে ঝাঁপ দিয়ে এই দুঃসাহসী যখন বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার থেকে নেমে আসছিলেন, তখন নিচে সমম্বরে চিৎকার তাকে উৎসাহ যোগাচ্ছিল- “আমরা তোমাকে ভালবাসি, ফেলিক্স’।
অনেকের সঙ্গে সেখানে ছিলেন ফেলিক্সের বাবা, মা ও বান্ধবীও।
ফেলিক্সের এই দুঃসাহসী কাজের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দাবি করেছে, সবচেয়ে উঁচু থেকে এবং সবচেয়ে বেশি গতিতে ভূপৃষ্ঠে নামার রেকর্ড গড়েছেন ফেলিক্স।
তবে এই দুটি রেকর্ড ফেলিক্স আসলেই ভেঙেছেন কি না, তার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে ফেডারেশন অ্যারোনটিসকস ইন্টারন্যাশনালের স্বীকৃতি পাওয়ার পর।
এর আগে সবচেয়ে উঁচু থেকে লাফানো, পড়ন্ত অবস্থায় (ফ্রিফল) সবচেয়ে বেশি পথ অতিক্রম এবং সবচেয়ে বেশি সময় ফ্রিফল অবস্থায় থাকার রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের জো কিটিংগারের। ১৯৬০ সালে মার্কিন বিমানবাহিনীর এই কর্নেল ৩১ দশমিক ৩ কিলোমিটার উঁচু থেকে ঝাঁপ দিয়ে রেকর্ড গড়েছিলেন।
তবে কিটিংগারের সবচেয়ে বেশি সময় পড়ন্ত অবস্থায় থাকার (ফ্রিফল) রেকর্ড অক্ষুন্ন আছে। ঝাঁপিয়ে পড়ার পর প্যারাসুট খোলার আগ পর্যন্ত কিটিংগার সময় নিয়েছেন চার মিনিট ৩৬ সেকেন্ড।
কিটিংগারের চেয়ে উঁচু থেকে ঝাঁপ দিয়ে এবং বেশি পথ অতিক্রম করেও প্যারাসুট খোলার আগে ফেলিক্সের সময় লেগেছে চার মিনিট ১৯ সেকেন্ড।
সংখ্যায় ফেলিক্সের ঝাঁপ
ঝাঁপ দেওয়ার উচ্চতা : ৩৯.০৪৫ কিলোমিটার
ফ্রিফলের সময়: ৪.১৯ মিনিট
ফ্রিফলের দূরত্ব: ৩৬.৫২৯ কি.মি
সর্বোচ্চ গতি: ১৩৪২ কি.মি./ঘণ্টা
তবে ফেলিক্সের এই দুঃসাহসী অভিযান মোটেই সহজ ছিল না। ঝাঁপ দেওয়ার আগে ফেলিক্স খেয়াল করেছিলেন তার বিশেষায়িত হেলমেট ঠিকমতো গরম হচ্ছে না।
ঝাঁপ দেওয়ার পরপরই ফেলিক্সের হাত দুটি পেছনে গোটানো ও মাথা ঝোকানো অবস্থায় বা ‘ডেলটা পজিশনে’ থাকার কথা ছিল। কিন্তু ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকবার ডিগবাজি খেয়েছেন। তবে আড়াই হাজারের বেশি বার স্কাইডাইভ দেওয়া ফেলিক্স শেষে তার পতন নিয়ন্ত্রণ করে স্থিতিশীল অবস্থায় পৌঁছান।
ঝাঁপ দেওয়ার কিছু সময় পর প্রায় বায়ুশূন্য আবহাওয়ায় ফেলিক্স প্রায় এক মিনিট সুপারসনিক অবস্থায় ছিলেন। পরে ঘন বায়ুম-লে পৌঁছার পর বাতাসের বাধায় তার গতি কিছুটা কমে আসে।
ভূপৃষ্ঠে নামার পরপরই একটি হেলিকপ্টার ফেলিক্সকে রসওয়েল এয়ারপোর্টে তার মিশনের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়।
শূন্য থেকে নিচে নামার স্বপ্ন ২০০৫ সাল থেকে দেখে আসছিলেন সাবেক ছত্রীসেনা ফেলিক্স। তবে অর্থ এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে এর সাত বছরের মধ্যে স্বপ্ন পূরণ হল তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এসইউ/০১৫৮ ঘ.
bdnews24