২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৩ সালে আফগানিস্তান ছাড়বে হাজারো ব্রিটিশ সেনা

ব্রিটেন ২০১৩ সালে আফগানিস্তান থেকে ৪ হাজারেরও বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হামন্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

লন্ডন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেন ২০১৩ সালে আফগানিস্তান থেকে ৪ হাজারেরও বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হামন্ড। ব্যয়বহুল ও অজনপ্রিয় এ যুদ্ধে ব্রিটিশ সেনা উপস্থিতি কমানোর জন্য ক্রমবর্ধমান চাপের মুখে এ সিদ্ধান্ত নিচ্ছে দেশটির সরকার। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে সামরিক আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত সহিংসতায় ৪৩০ জনেরও বেশী ব্রিটিশ সেনা নিহত হয়েছে। আফগান পরিস্থিতি এখনো অস্থিতিশীল। সহিংসতার মাত্রাও কমেনি। তাছাড়া, পশ্চিমা সেনাদের সঙ্গে আফগান সেনা ও সাধারণ মানুষের সম্পর্কও ক্রমাগত বিদ্বেষপূর্ণ হয়ে উঠছে। আফগানিস্তান থেকে এ বছরের শেষ নাগাদ ৫শ’ ব্রিটিশ সেনা প্রত্যাহার হবে। এরপরও দেশটিতে রয়ে যাবে প্রায় ৯ হাজার ব্রিটিশ সেনা। আগামী বছর কতজন সেনা প্রত্যাহার হবে জানতে চাইলে হামন্ড বিবিসি’কে বলেন, “আশা করছি বেশ ভাল সংখ্যক সেনাই প্রত্যাহার করা হবে, “এর মানে হাজার হাজার, শত শত নয়, কিন্তু বেশিরভাগ সেনাই প্রত্যাহার হয়ে যাবে বলে মনে করছি না।” তার মানে ২০১৩ সালে খুব সম্ভবত ৪ হাজার ৫০০ জন পর্যন্ত সেনা প্রত্যাহার হতে পারে, বলেন তিনি। আর এর পরের বছর অর্থাৎ, ২০১৪ সালে আফগানিস্তান থেকে সব ব্রিটিশ সেনা প্রত্যাহার করে নেয়ার কথা রয়েছে। বর্তমানে ব্রিটেনের প্রতিরক্ষা বাজেটে টান পড়েছে। ফলে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ব্যয়, সেনা সদস্য ও অস্ত্র কর্মসূচি কাটছাঁট করতে হচ্ছে। তাছাড়া, গত বছর নেটো ঘাঁটিতে মার্কিন সেনাদের কোরআন পোড়ানোর ঘটনা এবং এ বছর মার্চে মার্কিন সেনাদের বিরুদ্ধে ১৬ জন বেসামরিক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠার পর থেকে বিদেশি সেনাদের সঙ্গে আফগানিস্তানের সাধারণ মানুষের সম্পর্কও তিক্ত হয়ে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৭ঘ.