২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অগ্রিম ভোটে বড় ব্যবধানে এগিয়ে ওবামা’

যুক্তরাষ্ট্রে নির্বাচনী জনমত জরিপে প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মিট রমনি সমানে সমান হলেও অগ্রিম ভোটে বড় ব্যবধানে এগিয়ে আছেন ওবামাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে নির্বাচনী জনমত জরিপে প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মিট রমনি সমানে সমান হলেও অগ্রিম ভোটে বড় ব্যবধানে এগিয়ে আছেন ওবামাই। রয়টার্স/আইপিসোস জরিপের তথ্যানুযায়ী, অগ্রিম ভোটারদের ৫৯ শতাংশ ভোট পেয়েছেন ওবামা এবং ৩১ শতাংশ ভোট পেয়েছেন রমনি। গত কয়েক সপ্তাহের জরিপের তথ্য একত্রিত করে বেরিয়ে এসেছে এ পরিসংখ্যান। অন্যান্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের দিন যারা ভোট দিতে পারবেন না (যেমন: নির্বাচনকর্মী, প্রচারাভিযানকর্মী, চিকিৎসক ইত্যাদি) তারা সরাসরি বা মেইল পাঠিয়ে অগ্রিম ভোট দেয়ার সুযোগ পান। যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৪০ টি অঙ্গরাজ্যে কোন না কোন উপায়ে ভোটগ্রহণ চলছে। অগ্রিম ভোটারদের সংখ্যা কম হলেও ডেমোক্র্যাটরা তাৎপর্যপূর্ণ ব্যবধান গড়তে পেরেছে। অনলাইনে করা এ জরিপে অনুযায়ী, এবার অগ্রিম ভোট নির্বাচনী ফলাফল নির্ধারণে বড় ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৮ সালে রিপাবলিকান জন ম্যাককেইনের বিরুদ্ধে জয়ী হতে অগ্রিম ভোট বহুলাংশে সহায়ক হয়েছিল বারাক ওবামার জন্য। সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৯ঘ.