ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়া ও তুরস্কের মধ্যে চলমান সঙ্কট নিরসনে আলোচনায় বসছেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি।
ব্রাহিমি আঙ্কারা সফর করে এ সঙ্কটের ব্যাপারে তুরস্কের বক্তব্য শুনবেন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু।
শনিবার আঙ্কারায় দাভুতগলুর সঙ্গে ব্রাহিমির আলোচনায় বসার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তুরস্কের সীমান্ত এলাকার লোকবসতিতে সিরিয়া থেকে আসা মর্টারের আঘাতে পাঁচ তুর্কি নাগরিক নিহতের ঘটনার কয়েকদিনের মাথায় তুরস্ক সফর করছেন ব্রাহিমি।
গত বুধবার মস্কো থেকে সামরিক চালান বহনের সন্দেহে একটি সিরীয়গামী যাত্রীবাহী বিমান আটক করে তল্লাশি করে তুরস্ক। তবে এ অভিযোগ অস্বীকার করে প্রমাণ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছে সিরিয়া।
এদিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোতে বিমান বাহিনীর একটি ঘাঁটি বিদ্রোহী বাহিনী দখল করে নিয়েছে বলে জানিয়েছে সিরিয়া। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।
সিরিয়ার সঙ্গে কোনো যুদ্ধে না গেলেও প্রতিবেশী দেশ দু’টির মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করার ব্যাপারে তুরস্কের সঙ্গে সৌদি আরব ও কাতারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তিনটি দেশই।
সম্প্রতি জেদ্দায় সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন লাখদার ব্রাহিমি। এসময় ‘সিরিয়ার সাধারণ মানুষের উপর চলমান রক্তক্ষয়ী হামলা অতিসত্ত্বর বন্ধে’র আহ্বান জানান সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দেল আজিজ বিন আব্দুল্লাহ।
অবশ্য ব্রাহিমি জানান, এখনো কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেয়া হয়নি। তবে অন্যান্য দেশে আলোচনা ফলপ্রসূ হলে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের পরামর্শ অনুযায়ী আগামী সপ্তাহে সিরিয়া সফর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৯ ঘ.
bdnews24