লন্ডন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হীরা দিয়ে তৈরি পৃথিবীর দ্বিগুণ আকারের একটি গ্রহের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। ‘৫৫ ক্যানক্রি ই’নামের এ গ্রহটি আয়তনে আমাদের গ্রহের প্রায় দ্বিগুণ।
কর্কট নক্ষত্রপুঞ্জের সূর্যের মতো একটি নক্ষত্রকে খুবই দ্রুতগতিতে প্রদক্ষিণ করছে এ গ্রহটি। এত দ্রুত যে ১৮ ঘন্টায়ই গ্রহটির এক বছর হয়ে যায়।
‘অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল লেটারস’ এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকদের যৌথ গবেষণায় হীরক গ্রহ ‘৫৫ ক্যানক্রি ই’ আবিষ্কৃত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘৫৫ ক্যানক্রি ই’ গ্রহটির ভর পৃথিবীর আটগুণ এবং ব্যাস পৃথিবীর দ্বিগুণ। এর ঘনত্ব পৃথিবীর প্রায় সমান। যদিও এর আগে আবিষ্কৃত হীরক গ্রহগুলোর ঘনত্ব ছিল অনেক বেশি।
গ্রাফাইট ও হীরায় তৈরি পাথুরে এই গ্রহটির তাপমাত্রা অত্যন্ত বেশি, ১ হাজার ৬শ’ ৪৮ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর পৃষ্ঠ ঢাকা পানি ও গ্রানাইট দিয়ে, এ গ্রহটির পৃষ্ঠ ঢাকা হীরা ও গ্রাফাইট দিয়ে।
ফ্রান্সের ইনিস্টিটিউট অব রিসার্চ অন অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড প্ল্যানেটোলজির গবেষক অলিভিয়ের মুসিস বলেন, আবিষ্কৃত গ্রহটির ভরের অন্তত এক তৃতীয়াংশ যা পৃথিবী ভরের প্রায় তিনগুণ, হীরা বলে মনে করা হচ্ছে।
গবেষণা প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগেও ‘হীরকগ্রহ’ পাওয়া পাওয়া গেছে, তবে প্রথমবারের মতো সূর্যের মতো উজ্জ্বল কোনো নক্ষত্রকে প্রদক্ষিণরত হীরক গ্রহ পাওয়া গেলো।
বিজ্ঞানীরা জানিয়েছেন, হীরকগ্রহটির অবস্থান পৃথিবীর ‘কাছাকাছি’।
‘কাছাকাছি’ শুনে গুপ্তধনের আশায় মহাকাশপাড়ি দিতে এখনই যারা প্রস্তুত হয়ে গেছেন তাদের জানানো যাচ্ছে যে, গ্রহটির অবস্থান পৃথিবী থেকে অন্তত ৪০ আলোকবর্ষ বা ২৩০ ট্রিলিয়ন মাইল দূরে।
জ্যোর্তিবিজ্ঞানের হিসাবে যা মাত্র ৪০ আলোকবর্ষ দূরে বা ‘কাছাকাছি’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৪১৯ ঘ.
bdnews24