ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- করোনাভাইরাস প্রজাতির সার্সের মতো নতুন ভাইরাসটি একজনের কাছ থেকে অন্য জনের দেহে সহজে ছড়ায় না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ওই ভাইরাসের কারণে মানুষ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়। এ ভাইরাসে আক্রান্ত কাতারের ৪৯ বছর বয়সী একজন ব্যক্তি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সৌদি আরবে এক ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি।
করোনাভাইরাস প্রজাতির বেশ কয়েকটি ভাইরাসে আক্রান্ত হলে মানুষ সাধারণ সর্দি বা মারাত্মক শ্বাস-কষ্টের শিকার হয়।
তবে এর আগে মানবদেহে চিহ্নিত যে কোন করোনাভাইরাসের চেয়ে ব্রিটিশ চিকিৎসকদের চিহ্নিত নতুন ভাইসরাটি ভিন্ন প্রকৃতির।
ডব্লিউএইচও বলেছে, এই ভাইরাসের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি ভালোভাবে জানার জন্য আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তারা কাজ করে যাচ্ছে।
এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, “এ পর্যন্ত পাওয়া তথ্যে মনে হয়েছে নতুন কোরোনাভাইরাসটি একজন থেকে অন্যজনে খুব সহজে ছড়ায় না।”
প্রথম সার্সের মতো এ নতুন ভাইরাসের সন্ধান পাওয়ার পর গত রোববার বিশ্বব্যাপী সতর্কতা ঘোষণা করেছিল ডব্লিউএইচও।
২০০২ সালে সার্স ভাইরাস হংকং থেকে আরো ৩০ টি দেশে ছড়িয়ে পড়লে ৮০০ জন মানুষ মারা যায়। ২০০৩ সাল জুড়ে এর প্রকোপ দেখা যায়। নতুন ভাইরাসটিতে সার্সের কিছু লক্ষণ আছে বলে জানিয়েছেন গবেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/বিসিএস/এলকিউ/১৭৫৮ঘ.
bdnews24