২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার যুদ্ধের আগুনে পুড়ল হাজার বছরের পুরানো বাজার

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোয় রাষ্ট্রিয় বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ে এক পর্যায়ে জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা একটি মধ্যযুগীয় বাজার আগুনে পুড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

বৈরুত, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোয় রাষ্ট্রিয় বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ে এক পর্যায়ে জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা একটি মধ্যযুগীয় বাজার আগুনে পুড়ে যায়। শনিবারের শেষ খবর পাওয়া পযন্ত বিশ্বের অন্যতম বৃহৎ ওই বাজারটি আগুনে পুড়ছিল। সোউক আল মদিনা নামের এই বাজারটির অবস্থান আলেপ্পোর পুরনো অংশে। এখানে বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত রাষ্ট্রিয় বাহিনীর তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পাথরের ছাদ দিয়ে ঘেরা এই বাজারটি গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে বিখ্যাত পর্যটন কেন্দ্র ছিল। আগুন লাগার পরও লড়াই অব্যাহত থাকায় আগুন নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, শুক্রবার দুই বাহিনীর তীব্র লড়াই চলাকালে বাজারটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সম্ভাব্য সূত্রপাত লড়াইয়ে ব্যবহৃত গোলা বা গুলিবর্ষণ থেকে। এ পর্যন্ত হাজার খানেক দোকান আগুনে পুড়ে গেছে। আগুন অব্যহত থাকায় মধ্যযুগীয় এই কীর্তিটি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে ইউনেস্কো। জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো পুরান আলেপ্পোকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে। এই ঘোষণার অংশ সিরিয়ার ছয়টি পুরাকীর্তির মধ্যে সোউক আল মদিনা অন্যতম। ঘোষিত ছয়টি পুরাকীর্তির মধ্যে মধ্যে পাঁচটি গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ইউনেস্কোর ধারণা। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়া সরকার বিরোধী মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারী বাহিনী ও বিদ্রোহীরা আগুন লাগার জন্য পরস্পরকে দায়ী করেছে। সরকার বিরোধী গণআন্দোলন থেকে গৃহযুদ্ধে রূপ নেয়া সিরিয়ার সংঘাতে এ পর্যন্ত ৩০ হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবী করেছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। শনিবার সন্ধ্যায় আলেপ্পোর কয়েকটি সেনা ঘাঁটি এলাকায় তীব্র লড়াই ছড়িয়ে পড়ে। শহরের নেইরাব বিমান ঘাঁটির বাইরে বিদ্রোহীদের সঙ্গে সরকারী বাহিনীর তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এসব লড়াইয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২৪৭ ঘ.