ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে ডাকাত সন্দেহে নিজের পালিত ছেলেকে গুলি করে হত্যা করেছেন একজন স্কুলশিক্ষক।
বৃহস্পতিবার গভীর রাতে কানেক্টিকাট অঙ্গরাজ্যের নিউ ফেয়ারফিল্ড শহরে এ ঘটনা ঘটেছে বলে শনিবার সিএনএন’র এক খবরে বলা হয়েছে।
নিহত টেইলর গুইলিয়ানো (১৫) ছিলেন নিউ ফেয়ারফিল্ডের বাসিন্দা জেফেরি গুইলিয়ানোর পালিত ছেলে। তিনি স্থানীয় একটি হাই স্কুলের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, রাত ১টার দিকে প্রতিবেশি এক নারী জেফেরির সাহায্য চেয়ে বলেন, তার ঘরের সামনে একজন ডাকাত অবস্থান করছেন বলে তিনি সন্দেহ করছেন।
তখন মুখোশধারী ওই ‘ব্যক্তির’ পরণে কালো পোষাক এবং তার হাতে একটি ধারালো অস্ত্র ছিল বলে ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়।
ওই নারীর ডাকে সাড়া দিয়ে জেফেরি বাইরে বেরিয়ে মুখোশধারীকে বাধা দেন এবং তাকে নিজের পালিত ছেলে টেইলর বলে চিনতে ব্যর্থ হন।
পুলিশের ভাষ্যমতে, ‘মুখোশধারী’ জেফেরির দিকে তেড়ে এলে তিনি তাকে গুলি করেন এবং ঘটনাস্থলেই টেইলরের মৃত্যু হয়।
এ ঘটনায় জেফেরি গুইলিয়ানোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তবে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯৪২ ঘ.
bdnews24