২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পরমাণু স্থাপনা সুরক্ষিত : হিনা

পরমাণু প্রকল্পের সব ধরনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে “সর্বোচ্চ গুরুত্ব” দেওয়া হয় বলে জাতিসংঘকে জানিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরমাণু প্রকল্পের সব ধরনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে “সর্বোচ্চ গুরুত্ব” দেওয়া হয় বলে জাতিসংঘকে জানিয়েছে পাকিস্তান। শুক্রবার জাতিসংঘে আয়োজিত পরমাণু সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক শীর্ষ পর্যায়ের এক বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ভাষণ দেন বলে দ্য ডন জানিয়েছে। বৈঠকে হিনা বলেন, “পরমাণু নিরাপত্তা নিশ্চিত করা একই সঙ্গে একটি বৈশ্বিক উদ্বেগের বিষয় ও একটি জাতীয় দায়িত্ব। গেল বছরগুলোতে আমরা ব্যবহারিক নিরাপত্তার দিকটিতে ব্যাপক জোর দিয়েছি। ইতোমধ্যে শক্তিশালী নিয়ন্ত্রণ ও নির্দেশনা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং বিস্তৃত পর্যায়ে তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে।” পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে উপস্থিত অন্যান্যদের জানান, পরমাণু প্রকল্পে ব্যবহৃত উপাদান ও উৎপাদন পদ্ধতি, উপাদানের সংরক্ষণ ও নিয়ন্ত্রণ, পরিবহন নিরাপত্তা, অবৈধ পাচার রোধ ও সীমান্ত নিয়ন্ত্রণসহ সম্ভাব্য তেজস্ক্রিয়জনিত জরুরি অবস্থা মোকবিলার পরিকল্পনা প্রণয়নও তদারকি ব্যবস্থার অধীনে রাখা হয়েছে। সন্ত্রাসীদের কাছে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র যাওয়া রোধ করতে গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া এ লক্ষ্যে ব্যক্তিগত সচেতনতা গড়ে তোলারও কর্মসূচিও নেওয়া হয়েছে বলে তিনি জানান। বিশ্বব্যাপী পরমাণু সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে পাকিস্তান সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান হিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৯ ঘ.