২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা ‘বাক স্বাধীনতা’ নিয়ে প্রশ্ন তুললো মুসলিম বিশ্ব

পশ্চিমা বিশ্ব তাদের বাক স্বাধীনতা নামক প্রতিরক্ষার আড়ালে সাংস্কৃতিক স্পর্শকাতরতাকে অগ্রাহ্য করছে বলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অভিযোগ করেছেন মুসলিম বিশ্বের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

জাতিসংঘ, নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা বিশ্ব তাদের বাক স্বাধীনতা নামক প্রতিরক্ষার আড়ালে সাংস্কৃতিক স্পর্শকাতরতাকে অগ্রাহ্য করছে বলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অভিযোগ করেছেন মুসলিম বিশ্বের নেতারা। ইসলাম ধর্মকে হেয় করে চলচ্চিত্র নির্মাণে উদ্ভূত পরিস্থিতিতে পূর্ব-পশ্চিমের সাংস্কৃতিক বিভাজন আরো প্রকট হওয়ার মুখে এ অভিযোগ করলেন তারা। হযরত মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করে ক্যালিফোর্নিয়ায় নির্মিত একটি ছবির প্রতিক্রিয়ায় মুসলিম অধ্যুষিত দেশগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের দূতাবাস বিক্ষুব্ধ মুসলিমদের রোষের শিকার হয়। এরই মধ্যে ফ্রান্সের একটি সাময়িকী হযরত মুহাম্মদের (সা.) ব্যঙ্গচিত্র ছেপে সঙ্কট আরো গভীর করে তোলে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেছেন, বাক স্বাধীনতার ছদ্মবেশে ইসলাম ভীতিকে লুকানোর চেষ্টা বন্ধ করার এবার সময় হয়েছে। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, সেমেটিক বিদ্বেষের মতো ইসলাম ভীতিও জাতিগত বিদ্বেষের এক নতুন রূপ হিসেবে আবির্ভূত হয়েছে। বাক স্বাধীনতার আড়ালে এটিকে লুকিয়ে রাখার চেষ্টা আর সহ্য করা হবে না। স্বাধীনতা মানে নৈরাজ্য নয়।” বুধবার মিশরের নবনির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিও তার ভাষণে একইরকম মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, “মত প্রকাশের স্বাধীনতাকে মিশর সম্মান করে, তবে মত প্রকাশের স্বাধীনতা ব্যবহার করে কাউকে শত্র“ভাবাপন্ন করে তোলাকে নয়। অন্যরা আমাদের কাছে যে ব্যবহার আশা করে, তাদের কাছেও আমরা সেই ব্যবহারই প্রত্যাশা করি। আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ধর্মীয় প্রেক্ষাপটকে তারা সম্মান করুক, এমন কোনো ধারণা ও সংস্কৃতি চাপিয়ে দেওয়া উচিত নয় যা আমাদের কাছে অগ্রহণযোগ্য।” তবে পশ্চিমা বিশ্বের অধিকাংশ নেতাই মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক ধর্ম অবমাননা আইন চালু করার মুসলিম নেতাদের প্রস্তাবেরও বিরোধিতা করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪১ ঘ.