২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছেড়েছেন সুচিত্রা সেন

বাড়িতে পড়ে গিয়ে জখম হওয়ায় হাসপাতালে যেতে হয়েছিল কিংবদন্তী এই অভিনেত্রীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 04:38 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়িতে পড়ে গিয়ে জখম হওয়ায় হাসপাতালে যেতে হয়েছিল কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনকে। তবে অস্ত্রোপচার শেষে শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন কলকাতার আনন্দবাজার পত্রিকা। মঙ্গলবার রাতে বাড়িতে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছিলেন দীর্ঘদিন ধরে অন্তরালে থাকা সুচিত্রা। চিবুকেও আঘাত পান তিনি। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সুচিত্রা সেন কিছুতেই হাসপাতালে যেতে চাচ্ছিলেন না। বাড়িতেই তার চিবুকে চারটি সেলাই দেয়া হয়। এক্স রে করার পর দেখা যায়, কব্জির হাড় সরে গেছে। হাড় আগের অবস্থানে আনতে ৮১ বছরের সুচিত্রাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন কলকাতায় ছিলেন না। মায়ের জখম হওয়ার খবর শুনে তিনি দ্রুত শহরে ফেরেন। তিনিও অনেকবার বোঝানোর পর সুচিত্রা হাসপাতালে যেতে রাজি হন বলে আনন্দবাজার জানায়। বৃহস্পতিবার রাতে হাসপাতালে নেয়ার পর সুচিত্রা হাতে অস্ত্রোপচার করা হয়। অবস্থার উন্নতি দেখে শুক্রবার রাতে বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলেছেন, অভিনেত্রীর শারিরীক অবস্থা মোটামুটি ঠিকঠাক। তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া ও কথাবার্তা বলছেন। ১৯২৯ সালে জন্ম নেয়া বাংলাদেশের পাবনার মেয়ে রমা দাশগুপ্ত পরে সুচিত্রা নাম নিয়ে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হন। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে তার অভিনীত চলচ্চিত্রগুলো আজও বাঙালির হৃদয়ে অমলিম। সুচিত্রা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- শাপমোচন, সাগরিকা, পথে হলো দেরি, দ্বীপ জেলে যাই, সবার ওপরে, সাড়ে চুয়াত্তর, সাত পাকে বাঁধা, দত্তা, গৃহদাহ, রাজলক্ষ্মী-শ্রীকান্ত ইত্যাদি। হিন্দি চলচ্চিত্র আাঁধিতে তার অভিনয়ও প্রশংসনীয়। শিল্পপতির ছেলে দীবানাথ সেনকে বিয়ে করেন সুচিত্রা, মুনমুন তাদের একমাত্র সন্তান। স্বামীর মৃত্যুর পরও অভিনয় চালিয়ে যাওয়া সুচিত্রা আকস্মিকভাবেই ১৯৭৮ সালে অভিনয় জীবনের ইতি টানেন। শুধু তাই নয়, এরপর থেকে লোকচক্ষুর অন্তরালে থাকেন তিনি। কলকাতায় তিনি যে বাড়িতে থাকেন, সেখানে মেয়ে ও দুই নাতনি রিয়া সেন ও রাইমা সেন ছাড়া মাত্র গুটিকয়েক পারিবারিক বন্ধুরই প্রবেশাধিকার রয়েছে। ২০০৫ সালে সুচিত্রাকে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত করা হলেও ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে বাড়ির বাইরে বেরিয়ে দিল্লি যেতে রাজি হননি তিনি। ফলে তাকে আর পুরস্কারটি দেয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০২৭ ঘ.